• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
Headline
আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো আসামি গ্রেফতারের পর কারাগারে সোনিয়া গান্ধীর স্মৃতিকথায় অন্দরমহলের অচেনা ইন্দিরা নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: ডেপুটি স্পিকার জলবায়ু নীতিসহায়তায় বাংলাদেশকে ১০ কোটি ইউরো ঋণ দেবে এএফডি বিশাল সমুদ্রসীমা জয়ের এক দশক পরও অন্ধকারে মৎস্য প্রশাসন: ৭০ শতাংশ জলসীমার তথ্যই নেই সরকারের হাতে খোলাবাজারের চড়া দাম এড়াতে নতুন কৌশল: স্পট মার্কেট ছেড়ে চুক্তিভিত্তিক এলএনজি আমদানিতে ফিরছে পেট্রোবাংলা হামলা দিয়ে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম সরকার কি কোনো নিরাপত্তা দেবে, না পারলে জানিয়ে দিক: সংসদে নাহিদ ইসলাম নিউজ পোর্টালগুলোকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক: সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

কাঠগড়ায় বাংলাদেশ ব্যাংক: সক্ষমতা বাড়ানোর প্রকল্পেই দুর্নীতি

Reporter Name / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে গৃহীত এক বৃহৎ প্রকল্পে বড় ধরনের আর্থিক অসংগতি, অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি এবং কেনাকাটায় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। প্রায় দুই হাজার সাত শ একাশি কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত ‘ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট’ শীর্ষক এই প্রকল্পটির বিভিন্ন ক্রয় প্যাকেজে প্রাক্কলিত ব্যয়ের সাথে প্রকৃত খরচের ব্যাপক ব্যবধান ধরা পড়ায় কেন্দ্রীয় ব্যাংক এখন কঠোর জবাবদিহিতার মুখে পড়েছে। প্রকল্পের আওতায় মাত্র দুই কোটি টাকার জেনারেটর কিনতে গিয়ে ব্যয় বাড়ানো হয়েছে সাড়ে চার শ শতাংশেরও বেশি, আবার সার্টিফিকেশন সফটওয়্যার ক্রয়ে খরচ বেড়েছে প্রায় দুই শ শতাংশ। অন্যদিকে তিনটি ডেটা সেন্টারের জন্য মাইক্রোসফট সফটওয়্যার কেনার ক্ষেত্রে প্রাক্কলিত ব্যয়ের চেয়ে প্রায় আটষট্টি শতাংশ কম অর্থ ব্যয় দেখানো হয়েছে। কেনাকাটার এই অস্বাভাবিক ও পরস্পরবিরোধী পরিসংখ্যান সামনে আসার পর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে উচ্চপর্যায়ের তদন্ত কার্যক্রম শুরু করেছে সরকার।

সংশ্লিষ্ট সরকারি নথিপত্র ও দায়িত্বশীল সূত্র থেকে জানা গেছে, প্রকল্পের সমাপ্তি পরবর্তী মূল্যায়ন করতে গিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বা আইএমইডি প্রাথমিক পর্যায়েই কেনাকাটার খাতগুলোতে বিশাল অঙ্কের আর্থিক ব্যবধান শনাক্ত করে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে গঠিত সরকারি তদন্ত কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। আইএমইডি সচিব সিরাজুন নূর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই নীতিনির্ধারণী সভায় প্রকল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্রয় প্রক্রিয়া এবং আর্থিক লেনদেন চুলচেরা বিশ্লেষণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভার কার্যবিবরণী অনুযায়ী, আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন সরকারের উচ্চপর্যায়ে জমা দেওয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এর আগে চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহে প্রাথমিক তথ্য-উপাত্ত সংগ্রহের অগ্রগতি পর্যালোচনা করতে তদন্ত কমিটির পরবর্তী বৈঠক আহ্বান করা হয়েছে।

প্রকল্পের ব্যয় সংক্রান্ত নথিপত্রের বিশ্লেষণে সরকারি অর্থের ব্যয় ও ব্যবস্থাপনার বিস্ময়কর সব তথ্য উঠে এসেছে। নথিতে দেখা যায়, বাংলাদেশ ব্যাংকের জেনারেটর ক্রয় সংক্রান্ত ‘বিবি(জি)আইটি-৩’ শীর্ষক একটি প্যাকেজে প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল মাত্র ২ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু দরপত্র প্রক্রিয়া শেষে এই প্যাকেজে প্রকৃত ব্যয় দেখানো হয়েছে ১৩ কোটি ৩৯ লাখ টাকা। অর্থাৎ প্রাথমিক অনুমানের তুলনায় এই একটি খাতেই ব্যয় বেড়েছে ১০ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা, যা শতকরা হিসাবে ৪৫৯ দশমিক ০৮ শতাংশ বৃদ্ধি। একইভাবে সার্টিফিকেশন অথরিটির সফটওয়্যার ক্রয়ের ‘বিবি(জি)আইটি-১৩’ প্যাকেজে ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলন করা হলেও বাস্তবে ব্যয় করা হয়েছে ১৮ কোটি ৪৬ লাখ টাকা। ফলে এখানে অতিরিক্ত খরচ হয়েছে ১২ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা বা ১৯৪ দশমিক ৫১ শতাংশ। এছাড়া প্রকল্পের লংটার্ম ক্রেডিট বিশেষজ্ঞ খাতেও প্রাথমিক প্রাক্কলনের চেয়ে ব্যয় বৃদ্ধি পেয়েছে ১০৯ শতাংশ।

ব্যয় বৃদ্ধির এই প্রবণতার বিপরীতে কোনো কোনো প্যাকেজে প্রাক্কলনের তুলনায় অস্বাভাবিক কম ব্যয়ের তথ্যও তদন্তকারীদের মনে প্রশ্নের জন্ম দিয়েছে। তিনটি ডেটা সেন্টারের জন্য মাইক্রোসফট সফটওয়্যার ক্রয়ের ‘বিবি(জি)আইটি-১৫’ প্যাকেজে প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছিল ১৯ কোটি ৮০ লাখ ৩০ হাজার টাকা। অথচ চূড়ান্ত হিসাবে প্রকৃত ব্যয় দেখানো হয়েছে মাত্র ৬ কোটি ২৬ লাখ টাকা, যা প্রাক্কলনের তুলনায় ১৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার টাকা বা ৬৮ দশমিক ৩৯ শতাংশ কম। অনুরূপভাবে তিনটি ডেটা সেন্টারের ব্যবস্থাপনা সফটওয়্যার ক্রয়ের প্যাকেজে ১৯ কোটি ৩০ লাখ ৭০ হাজার টাকা বরাদ্দের বিপরীতে খরচ দেখানো হয়েছে ১৫ কোটি টাকা। অন্যদিকে ডেটাবেজ সফটওয়্যার ক্রয়ের পৃথক আরেকটি প্যাকেজে ২৭ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলন করা হলেও প্রকৃত ব্যয় গিয়ে ঠেকেছে ৩৪ কোটি ৭৩ লাখ টাকায়, যেখানে ব্যয় বেড়েছে ৭ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা বা ২৬ দশমিক ৯০ শতাংশ। কোনো খাতে কয়েক গুণ বেশি খরচ আবার কোনো খাতে প্রাক্কলনের চেয়ে অনেক কম খরচের এই পরিসংখ্যান প্রকল্পের প্রাক্কলন নির্ধারণ ও ক্রয়প্রক্রিয়ার স্বচ্ছতাকে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

প্রকল্পের এই আর্থিক অসংগতি ও তদন্তের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তাদের বক্তব্য জানতে চাইলে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া পাওয়া গেছে। তদন্ত কমিটির প্রথম সভার দাপ্তরিক নথিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মনোজ কুমার হাওলাদারকে এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি নিজেকে প্রকল্প পরিচালক হিসেবে অস্বীকার করে জানান যে তিনি কেবল কমিটির একজন সদস্য হিসেবে ওই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রকৃত তথ্যের জন্য তিনি কেন্দ্রীয় ব্যাংকের অতিরিক্ত পরিচালক শাহরিয়ারের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন। পরবর্তীতে অতিরিক্ত পরিচালক শাহরিয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে গণমাধ্যমের সামনে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি।

যদিও তদন্ত কমিটির আনুষ্ঠানিক বৈঠকে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা ব্যয় বৃদ্ধির সপক্ষে কিছু কারিগরি ও প্রশাসনিক ব্যাখ্যা তুলে ধরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী, প্রকল্প বাস্তবায়নের মাঝপথে বেশ কিছু প্যাকেজের মূল নকশা ও কারিগরি বৈশিষ্ট্যে পরিবর্তন আনতে হয়েছিল। বিশেষ করে ডেটা সেন্টারগুলোর বিদ্যুৎ চাহিদা পুনর্মূল্যায়ন করার পর আগের তুলনায় অধিক ক্ষমতাসম্পন্ন ও উন্নত মানের জেনারেটর কেনার প্রয়োজন দেখা দেওয়ায় ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি প্রকল্প চলাকালীন বৈদেশিক মুদ্রার বিনিময় হারের পরিবর্তন এবং পরামর্শকদের পারিশ্রমিক বৃদ্ধির কারণেও বেশ কয়েকটি প্যাকেজের সামগ্রিক খরচ প্রাক্কলন ছাড়িয়ে গেছে বলে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে যুক্তি দেখানো হয়। তবে তদন্ত কমিটি এসব ব্যাখ্যা ও ক্রয়প্রক্রিয়ার প্রতিটি ধাপ নথিপত্রের ভিত্তিতে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে।

কেনাকাটার অস্বাভাবিক ব্যয়ের পাশাপাশি প্রকল্পটিতে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিপুল অঙ্কের অডিট আপত্তিও তদন্ত কমিটির বিশেষ নজরে এসেছে। নথিপত্র অনুযায়ী, ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রকল্পে এখন পর্যন্ত পাঁচটি অমীমাংসিত অডিট আপত্তি রয়েছে, যার সাথে জড়িত অর্থের পরিমাণ ২৩ কোটি ৪২ লাখ ৩৯ হাজার টাকা। এর মধ্যে ২০১৫-১৬ অর্থবছরে একটি, ২০১৬-১৭ অর্থবছরে একটি, ২০১৭-১৮ অর্থবছরে দুটি এবং ২০২০-২১ অর্থবছরে একটি অডিট আপত্তি উত্থাপিত হয়েছিল। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ কেন এসব আর্থিক আপত্তি নিষ্পত্তি করেনি, সংশ্লিষ্ট ব্যয়ের সুনির্দিষ্ট খাতগুলো কী ছিল এবং এর জন্য দায়দায়িত্ব কার—তা বিস্তারিতভাবে কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রকল্পের অন্যতম প্রধান অংশ ছিল দেশের উৎপাদনশীল শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি অর্থায়ন সুবিধা প্রদানের জন্য গঠিত ‘লং টার্ম ফাইন্যান্সিং ফ্যাসিলিটি’ বা এলটিএফএফ তহবিল। তদন্ত কমিটির বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা তথ্য উপস্থাপন করেন যে এই সুবিধার আওতায় দেশের ৫৬টি শিল্পপ্রতিষ্ঠানকে সর্বমোট ২৭ কোটি ৫২ লাখ ৬৪ হাজার মার্কিন ডলার ঋণ হিসেবে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ব্যাংকের দাবি অনুযায়ী, ঋণগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪০টি প্রতিষ্ঠান ইতিমধ্যে ২৪ কোটি ৩৪ লাখ ৫৩ হাজার ডলার পরিশোধ করেছে। বাংলাদেশ ব্যাংকের এই দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে তদন্ত কমিটি। এ লক্ষ্যে ঋণপ্রাপ্ত ৫৬টি প্রতিষ্ঠানের নাম, অনুমোদিত বরাদ্দ, প্রকৃত ঋণের অঙ্ক, সুদের হার, কিস্তি পরিশোধের সময়সূচি, আদায়কৃত অর্থ, বকেয়া এবং পুনঃঅর্থায়ন সংক্রান্ত সমস্ত তথ্য সংগ্রহের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকল্পের পটভূমি পর্যালোচনা করলে দেখা যায় যে দেশের আর্থিক খাতের অবকাঠামো ও বাজারব্যবস্থার উন্নয়ন, বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ ও তদারকি সক্ষমতা শক্তিশালীকরণ এবং উৎপাদনশীল খাতে দীর্ঘমেয়াদি ঋণের সুযোগ বাড়ানোর লক্ষ্য নিয়ে ২০১৫ সালে এই প্রকল্পটি অনুমোদন করা হয়েছিল। শুরুতে প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ৭৫১ কোটি টাকা। কিন্তু পরবর্তীতে সংশোধনের মাধ্যমে ব্যয় বাড়িয়ে ২ হাজার ৭৮১ কোটি ৭৯ লাখ ৫৯ হাজার টাকায় উন্নীত করা হয় এবং প্রকল্পের মেয়াদ ২০২১ সালের মার্চ মাস পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও অনেক কার্যক্রম বাস্তবায়ন না হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে প্রকল্পে ২৭টি পরামর্শক ও উপদেষ্টা পদ রাখার যে পরিকল্পনা ছিল, সেখানে কাদের নিয়োগ দেওয়া হয়েছিল এবং তাদের পেছনে কত টাকা ব্যয় হয়েছে—তার বিস্তারিত তথ্য তলব করেছে কমিটি। একই সাথে আইএমইডির সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদনের সুপারিশগুলোর বাস্তবায়ন পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্ত কার্যক্রমকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রয়োজনে তদন্ত কমিটির পরিধি আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি, সরকারি ক্রয় তদারকি সংস্থা বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি বা বিপিপিএ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ থেকে তিনজন কর্মকর্তাকে এই তদন্ত কমিটিতে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, কেন্দ্রীয় ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির প্রকল্পে ব্যয়ের এমন বড় অসংগতির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করা গেলে তা রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তথ্যসূত্র: যুগান্তর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category