• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

ছয় মাসে বাজেট বাস্তবায়ন হার বেড়ে ৩২.৬৮ শতাংশ, তবে পিছিয়েছে এডিপি

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) জাতীয় বাজেট বাস্তবায়নের হার কিছুটা বেড়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত হিসাব অনুযায়ী, আলোচ্য সময়ে বাজেট বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৮ শতাংশে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৩ শতাংশ বেশি। তবে সার্বিক বাজেট বাস্তবায়ন বাড়লেও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার গত বছরের তুলনায় বেশ কমে গেছে।

বাজেট ব্যয় ও রাজস্ব আয়ের চিত্র

অর্থ বিভাগের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেটের বিপরীতে প্রথম ছয় মাসে ব্যয় হয়েছে দুই লাখ ৫৮ হাজার ১৮৬ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এই ব্যয়ের পরিমাণ ছিল দুই লাখ ২৬ হাজার ১৮৯ কোটি টাকা। অন্যদিকে, চলতি অর্থবছরে পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা (জিডিপির ৯ শতাংশ) রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে জুলাই-ডিসেম্বর সময়ে আদায় হয়েছে দুই লাখ ২২ হাজার কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৩৯ শতাংশ। তবে আশার কথা হলো, এ সময়ে রাজস্ব আয়ের প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬ শতাংশ, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল মাত্র ৪ দশমিক ৭ শতাংশ।

ঘাটতি ও এডিপি বাস্তবায়ন

চলতি অর্থবছরের বাজেটে মোট ঘাটতির প্রাক্কলন করা হয়েছে দুই লাখ ২৬ হাজার কোটি টাকা। প্রথম ছয় মাস শেষে অনুদান ছাড়া এই ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ হাজার কোটি টাকায়, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩০ হাজার ৪১৮ কোটি টাকা। সার্বিক বাজেট বাস্তবায়নে ইতিবাচক ধারা থাকলেও এডিপি বাস্তবায়নে ধীরগতি দেখা গেছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে এডিপি বাস্তবায়িত হয়েছে মাত্র ১৩ দশমিক ৫৬ শতাংশ, যেখানে গত অর্থবছরের একই সময়ে এই হার ছিল ১৭ দশমিক শূন্য ৮ শতাংশ।

বৈদেশিক সহায়তা ও ঋণ পরিশোধ

অর্থ বিভাগের পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে নিট বৈদেশিক অর্থায়ন গত বছরের তুলনায় ব্যাপকভাবে কমে ঋণাত্মক ধারায় চলে গেছে। গত অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে নিট বৈদেশিক অর্থায়ন ছিল ১৩ হাজার ৮১৪ কোটি টাকা, যা এবার নেগেটিভ বা মাইনাস ৫ হাজার ৭৩৪ কোটি টাকা। পাশাপাশি গত বছরের তুলনায় এবার ১৬ হাজার ৫৪৯ কোটি টাকা কম বৈদেশিক ঋণ নেওয়া হয়েছে। আলোচ্য ছয় মাসে অভ্যন্তরীণ উৎস থেকে ৪০ হাজার ৩৩৬ কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে নিট ৫ হাজার ৭৩৪ কোটি টাকার ঋণ পরিশোধ করেছে সরকার। তবে গত বছরের ৯৮৭ কোটি টাকার বিপরীতে এবার কিছুটা বেড়ে অনুদান পাওয়া গেছে এক হাজার ২৬২ কোটি টাকা।

আমদানি-রফতানি ও প্রবাসী আয়ে মিশ্র পরিস্থিতি

অর্থনীতির গুরুত্বপূর্ণ সূচকগুলোর মধ্যে রফতানি ও প্রবাসী আয়ের প্রবৃদ্ধি কমে গেছে, বিপরীতে বেড়েছে আমদানির চাপ। গত অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে রফতানিতে ১১ শতাংশ প্রবৃদ্ধি থাকলেও এবার তা কমে মাইনাস শূন্য দশমিক ৯০ শতাংশে নেমেছে। প্রবাসী আয়ের প্রবৃদ্ধিও ২৭ দশমিক ৫৬ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হয়েছে। তবে একই সময়ে আমদানির প্রবৃদ্ধি ৩ দশমিক ৫৩ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশে দাঁড়িয়েছে। সব মিলিয়ে অর্থনৈতিক কার্যক্রমে সরকারি ব্যয়ের প্রবৃদ্ধি ১৪ দশমিক ১ শতাংশে দাঁড়িয়েছে, যা গত বছর ছিল ১৬ দশমিক ৩ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category