বডিশেমিং নিয়ে আমার শোনা সেরা উত্তর দিয়েছিলেন শচীন দেব বর্মন।
প্রচলিত আছে, তিনি যখন প্রথম রেডিওতে অডিশন দেন তখন একজন পরীক্ষক বিদ্রুপ করে বলেছিলেন-
‘এই নাকি খ্যানখ্যানে গলা নিয়ে তুমি গায়ক হতে চাও!’
শচীন উত্তর দিয়েছিলেন- ‘এই নাকি গলা নিয়েই শচীন কর্তা বিশ্ব জয় করবে।‘
শেষ পর্যন্ত তিনি তা-ই করেছিলেন।
বডিশেমিং নিয়ে একটি রিল পোস্ট করেছিলাম। তারপর অনেকেই জানতে চেয়েছেন এগুলোর উপযুক্ত জবাব কীভাবে দেওয়া যায়?
আমি নিজেও জানি না, এগুলোর উত্তর কী? তারপরও মনে হয় নিচের জবাবগুলো দেওয়া যায়।
১ ) তুমি তো মোটা হয়ে গেছো!
উত্তর- মোটা হইনি, স্বাস্থ্য ভালো হয়েছে।
২) তুমি তো শুকিয়ে গেছো!
উত্তর- শুকাইনি, স্লিম হয়েছি। কয়জন স্লিম হতে পারে?
৩) তুমি খুব কালো হয়ে গেছো।
উত্তর- মন দিন দিন সাদা হচ্ছে, তাই চেহারা কালো হচ্ছে।
৪) তোমার তো চুল পেকে গেছে।
উত্তর- বুদ্ধি বেড়েছে তো তাই চুল পেকে গেছে।
৫) বেশ ভালো ভুঁড়ি বানিয়েছো তো।
উত্তর- খুব সুখে আছি তো তাই। খাচ্ছি-দাচ্ছি-ঘুমাচ্ছি। ভুঁড়ি না বেড়ে উপায় আছে?
৬) তুমি তো আগে অনেক সুন্দর ছিলে!
উত্তর- আপনিও আগে অনেক সুন্দর ছিলেন। দুজনের একই অবস্থা।
৭) তোমাকে বুড়ো দেখাচ্ছে।
উত্তর- বুড়ো না, ম্যাচিউর হয়েছি। সবার মধ্যে ম্যাচিউরিটির বড়ই অভাব।
৮) তুমি তো বেশি বেঁটে।
উত্তর- এর সুবিধা হচ্ছে সবাইকে আমার দিকে চোখ নামিয়ে কথা বলতে হয়। এই যেমন, আপনি চোখ নামিয়ে কথা বলছেন।
৯ ) তোমাকে এত রোগা লাগছে কেন?
উত্তর- চারদিকে এত টক্সিক লোকজন। সুস্থ থাকার উপায় আছে?
১০ ) তবে বডিশেমিংয়ের সবচেয়ে ভালো উত্তর হলো, প্রশ্নকারীর দিকে শীতল চোখে তাকানো। সে চাহনিতে থাকবে আগুন।
বডিশেমিংয়ের আরেকটি সেরা উত্তর দিয়ে শেষ করি। এটি দিয়েছিলেন একজন সিএসপি অফিসার। তৎকালীন পাকিস্তানের সিভিল সার্ভিস পরীক্ষার ভাইভায় একজন অবাঙালি প্রশ্নকর্তা তীব্র বিদ্বেষ নিয়ে তাঁকে প্রশ্ন করেছিলেন-
‘Mr Khan, why are you so black?
‘মিস্টার খান তুমি এত কালো কেন?’
‘Sir, I am so unlucky that, at the time of my birth God threw me in to the black sea.’
‘স্যার, আমার দুর্ভাগ্য জন্মের সময় সৃষ্টিকর্তা আমাকে কৃষ্ণসাগরে নিক্ষেপ করেছিলেন।’
কী দুর্দান্ত উত্তর! তাই না?