• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
Headline
ফেসবুকে চটকদার অফার ও ভুয়া আপডেটের বিজ্ঞাপন: ভুয়া লিংকের ফাঁদে ব্যাংক হিসাব খালি শীতের শুরুতেও কমছে না ডেঙ্গুর প্রকোপ: নভেম্বরে প্রায় শতভাগ মৃত্যুই শক সিনড্রোমে নিচু হয়ে মাটিতে বসতে পারছেন না: কেন এমন হচ্ছে ব্যাংক আইনে বড় পরিবর্তন: পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, কমছে পারিবারিক প্রভাব অভিযোগ বনাম নথিপত্র: সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিনকে ঘিরে বিতর্কের নেপথ্যে কী ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি: সাত জেলায় আমন ধান ও শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি অভ্যন্তরীণ অস্থিরতা ও বৈশ্বিক মন্দায় সংকটে পোশাক খাত: কমছে রপ্তানি আদেশ ও পণ্যের দাম প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় গণমাধ্যম : ঢাকা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

বিশ্ববিদ্যালয় জীবন: কিছু টিপস

বাদল সৈয়দ / ৩ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

আজ সকালে চুল কাটাতে গিয়েছিলাম। পাশে আরেক ভদ্রলোক চুল কাটাচ্ছেন। এমন সময় তাঁর ফোন এলো। তিনি স্পিকার অন করলেন। তাই শুনতে পাচ্ছি। ফোন করেছেন তাঁর বোন, ‘ভাইয়া, জেনি জিপিএ ফাইভ পেয়েছে। মাত্র চল্লিশ হাজার ছেলেমেয়ে জিপিএ ফাইভ পেয়েছে। তুই ভাবিদের নিয়ে বাসায় চলে আয়। একসাথে খাব।’
ভদ্রলোক উত্তেজিত কণ্ঠে বললেন, ‘আলহামদুলিল্লাহ। আমরা আসতেছি। তুই মিষ্টি কিনিস না। আমি কিনে আনব। সবার বাসায় পাঠাব।’
তাঁর কথায় আমি ফিরে গেলাম ১৯৮৫ সালে। সেদিন আমার এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছিল। আম্মা বড়মামাকে ফোন করেছিলেন। মামা হাঁড়িভর্তি মিষ্টি নিয়ে বাসায় এসেছিলেন।
তারপর চার দশক কেটে গেছে। অভিজ্ঞতায় চুল পেকেছে। তাই মনে হয়, যারা কলেজজীবন শেষ করে বিশ্ববিদ্যালয়ে যাবে, তাদের কিছু উপদেশ দেওয়ার যোগ্যতা অর্জন করেছি। তাই এ লেখা…
১) সেই বিষয় নিয়ে পড়া উচিত, যাতে আগ্রহ আছে। তবে সে বিষয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবে।
পছন্দের বিষয় পাওয়া না গেলে যেটি পাওয়া যাবে, সেটির প্রতি ভালোবাসা তৈরি করতে হবে।
২) ইউনিভার্সিটির বেশির ভাগ বই ইংরেজিতে লেখা। তাই ইংরেজি চর্চা করা খুব দরকার। এক্ষেত্রে প্রতিদিন আধঘণ্টা ইংরেজি পত্রিকা পড়া খুব কাজে লাগবে। এছাড়া, প্রতিদিন কিছু না কিছু ইংরেজিতে লেখার অভ্যাস খুব কাজে আসবে।
৩) বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হলে অনেক পড়তে হয়। সবকিছু মনে রাখা সম্ভব না। তাই তিনটি দক্ষতা অর্জন করার দিকে মন দেওয়া উচিত। এগুলো হলো—
ক। দ্রুত পড়ে মূল বক্তব্য বোঝা।
খ। গুরুত্বপূর্ণ তথ্য চিহ্নিত করা।
গ। নিজের ভাষায় সারসংক্ষেপ লেখা।
৪) পড়াশোনার কাজে ব্যবহারের জন্য বেসিক কিছু AI ব্যবহার শেখা কাজে দেবে। তবে কোনোভাবেই AI-এর ওপর পুরোপুরি নির্ভরশীল হওয়া যাবে না। তাতে নিজের চিন্তাশক্তি, বিশ্লেষণ করার ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে।
৫) Microsoft Word, Excel, PowerPoint, Google Docs এবং Google Sheets-এর মৌলিক কাজগুলো জানা থাকা জরুরি।
৬) বিশ্ববিদ্যালয়ের লেকচার শুনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করতে হবে। তাই দ্রুত নোট করা শেখা খুব কাজে দেবে।
৭) প্রশ্ন করাটা শেখার অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। যত বেশি করা হয়, তত বেশি শেখা যায়। অনেকেই শিক্ষককে প্রশ্ন করতে অস্বস্তি বোধ করে। এটি কাটিয়ে উঠে প্রশ্ন করতে হবে।
৮) বিশ্ববিদ্যালয়জীবনে ভালো শিক্ষকদের সঙ্গে একাডেমিক সম্পর্ক তৈরি করা জরুরি। এই সম্পর্ক ভবিষ্যতে গবেষণা, উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে অনেক কাজ দেয়।
৯) ভালো রেজাল্ট করার খুব ভালো উপায় হলো, ক্লাসে যে শিক্ষার্থী পড়াশোনায় খুব ভালো, তাকে টপকে যাওয়ার টার্গেট ঠিক করা।
১০) পরিশীলিত ও মেধাবীদের নিয়ে আড্ডার দল গড়ে তুললে তা শুধু রেজাল্ট নয়, সারাজীবন লাভ দেবে।
১১) যাদের গ্র্যাজুয়েশন শেষে বিদেশে গবেষণা করতে যাওয়ার ইচ্ছে আছে, তারা থার্ড ইয়ার থেকে দুটো কাজ করতে পারে।
ক। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করে সেগুলো সম্পর্কে জানা। তাহলে তাদের শর্ত পূরণের প্রস্তুতি সহজ হবে।
খ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ের অধ্যাপকদের সাথে মেইলের মাধ্যমে প্রাথমিক যোগাযোগ স্থাপন করা। যোগ্যতা থাকলে এরা পরে স্কলারশিপ পেতে সাহায্য করতে পারেন, কারণ এদের গবেষণা তহবিল থাকে।
১২) একাডেমিক পড়াশোনার বাইরে সৃজনশীল কার্যক্রম, যেমন বিতর্ক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম, খেলাধুলায় অংশ নেওয়া উচিত। এগুলো যা শেখায়, ক্লাসরুম তা শেখায় না।
১৩) বিশ্ববিদ্যালয়জীবনে রোমান্স আসা অস্বাভাবিক নয়। কিন্তু তা যেন পড়াশোনার ক্ষতি না করে।
আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমার ছোটো আপা একই বিশ্ববিদ্যালয়ে পড়ত। সে ছিল খুবই কড়া। আমাকে বকাঝকা, এমনকি হাতপাখা দিয়ে বাড়ি দেওয়া ছিল তার হাতের ময়লা।
একদিন বিশ্ববিদ্যালয়ের টং দোকানে বসে আরাম করে চায়ের সাথে বিড়ি ফুঁকছি, এমন সময় রয়েল বেঙ্গল টাইগার আপার কাছে ধরা খেলাম। ভেবেছিলাম ভূমিকম্প হবে। কিন্তু কী আশ্চর্য! আপা ওখানে কিছুই বলল না!
কিন্তু বাসায় আসার পর বলল, ‘বাদল, বিশ্ববিদ্যালয় জীবন মানে অনেকটাই স্বাধীন হয়ে যাওয়া। তবে এই লিবার্টি মানে যা ইচ্ছে তা করার লাইসেন্স নয়।’
যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে যাবে, তাদের বলি, লিবার্টি ডাজ নট মিন লাইসেন্স। তাই স্বাধীনতা পেয়ে সাবধানে উড়ো। নয়তো পাখা ভেঙে মাটিতে গোত্তা খেয়ে পড়বে।
তোমাদের জন্য শুভকামনা।

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category