যুদ্ধবিধ্বস্ত ইরানের জনগণের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। দেশটিতে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠাচ্ছে সরকার। ইতোমধ্যে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদির কাছে এসব মানবিক সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় সহায়তা
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে এই সহায়তা দেশটিতে পাঠানো হচ্ছে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিতে ইরানের আহত জনগণের চিকিৎসায় সহায়তার লক্ষ্যে জরুরি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কিনতে গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলাদেশের অবস্থান ও শান্তির প্রত্যাশা
সহায়তা সামগ্রী হস্তান্তরের সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের সংঘাতে ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতিতে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেন।
তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশ সর্বদা শান্তির পক্ষে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে এই সংকটের শান্তিপূর্ণ সমাধান হবে এবং মধ্যপ্রাচ্যে খুব শিগগিরই স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
ইরানের কৃতজ্ঞতা প্রকাশ
বাংলাদেশের এই মানবিক উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশ সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি।
সহায়তা গ্রহণকালে তিনি বাংলাদেশ ও ইরানের মধ্যকার বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। এই চরম দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য তিনি বিশেষ ধন্যবাদ জানান।