• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
Headline
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির সদিচ্ছা থাকলে সকল কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব : খাদ্যমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে : আইনমন্ত্রী নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ ভারত ইসরায়েলের মতো আচরণ করছে: গোলাম পরওয়ার তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

যেখানে যাই কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

দেশে-বিদেশে যেখানে যান সেখানেই আমদানি-রপ্তানি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) নিয়ে কথা শুনতে হয় বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে দেশের অভ্যন্তরীণ বাণিজ্যে লোকাল এলসির (ঋণপত্র) তথ্য আদান-প্রদান আরও দ্রুত, নিরাপদ ও সাশ্রয়ী করার প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট-বার্তা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

অর্থমন্ত্রী বলেন, ‘আমি কাস্টমসকে…এনবিআর ইজ বিকামিং অ্যান ইস্যু। যেখানে যাচ্ছি এনবিআর সম্বন্ধে…এই জাপানে যাচ্ছি, কোরিয়ায় যাচ্ছি, এনবিআরের ব্যাপারটা তারা বারবার সামনে নিয়ে আসছে।’

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীদের উদ্দেশে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সুতরাং এখানে আমি আপনাদের অনুরোধ করব, শুধু এনবিআর না, সবকিছুর বিষয়ে কনসালটেন্সির প্রসেসটা আমরা অব্যাহত রাখতে চাই। আর আমরা না রাখলেও আই ওয়ান্ট ইয়োর (ব্যবসায়ী স্টেকহোল্ডার) রেসপন্স, প্লিজ।’

অর্থমন্ত্রী বলেন, ‘আমি আগেও বলেছি, সাহস করে কিছু কথা বলতে হবে তো। মানে রিফর্ম—গভর্নমেন্ট যতই অ্যাগ্রেসিভ হোক রিফর্ম নিয়ে, যতই প্রোঅ্যাকটিভ হোক, ইট উইল নট হ্যাপেন আনলেস স্টেকহোল্ডারস কাম ফরোয়ার্ড। আমি সবাইকে অনুরোধ করছি, প্লিজ, কাম ফরোয়ার্ড। উই আর রেডি টু গো। আমরা পেইনফুল ডিসিশন নিতে প্রস্তুত আছি।পেইনফুল ডিসিশন নিয়েও যদি দেশের ব্যবসা-বাণিজ্য, ইনভেস্টমেন্ট, দেশের মানুষ ভালো থাকে, সেটাকে রাজনৈতিক সরকারের কর্তব্য বলে আমি মনে করি।’

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিমা খাতে কাজ করতে গিয়ে দেখলাম, এর অবস্থা ব্যাংক খাতের চেয়েও খারাপ। ব্যাংক খাত যে অবস্থায় গিয়ে পৌঁছেছে, বিমা খাতও একই জায়গায় গেছে। বিমা কোম্পানিগুলো বিমা দাবি পরিশোধ করছে না। কিন্তু নিজেরা সম্পত্তি কিনছে, বিভিন্ন জায়গায় বিনিয়োগ করছে, ব্যক্তিগত বিনিয়োগ করছে। বিমার টাকারও অপব্যবহার করছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘এখন এইখানে (বিমা খাতে) আমরা যখন হাত দিয়েছি, সব পাওয়ারফুল লোকজন আবার রেজিস্ট করতে আরম্ভ করছে। বিকজ দে হ্যাভ ইট টু গুড ফর টু লং। আপনি যেখানে হাত দেবেন সেখানেই সমস্যা।’

ব্যবসার খরচ কমানোর বিষয়ে তিনি বলেন, ‘প্রতিটি লেনদেন তাৎক্ষণিকভাবে হতে হবে। তথ্যব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ থাকবে, নিবিড় তদারকি থাকবে, স্বচ্ছতা থাকবে। এতে সময় কমবে, ব্যবসার খরচও কমবে।’

পুঁজিবাজারে লেনদেনের স্বচ্ছতা নিশ্চিত করতেও একই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ হাউসগুলোর তথ্যব্যবস্থার মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হবে। এতে নিয়ন্ত্রক সংস্থা পুরো লেনদেনপ্রক্রিয়া পর্যবেক্ষণ করতে পারবে। এ ব্যবস্থা চালু হলে ব্রোকারদের কারসাজি, যোগসাজশ ও গোপন লেনদেনের সুযোগ বন্ধ হবে। চট্টগ্রাম বন্দরেও একই ধরনের ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, নতুন ‘বার্তা’ প্ল্যাটফর্মটি উচ্চমাত্রার সাইবার নিরাপত্তা নিশ্চিত করে তৈরি করা হয়েছে। চালুর আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা বিভিন্নভাবে পরীক্ষা করা হয়েছে। ব্যবসায়ী ও ব্যাংকারদের প্ল্যাটফর্মটি ব্যবহারের আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম অগ্রাধিকার। এজন্য ঋণপত্র খোলার খরচ, অর্থায়নের ব্যয় ও লেনদেনের খরচ কমাতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উদ্যোগের চূড়ান্ত উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে পণ্য ও সেবা পাওয়ার সুযোগ করে দেওয়া।

ব্যবসায়ীদের অর্থায়নের খরচ কমাতে নীতি সুদহার আরও কমানোর ইঙ্গিত দেন গভর্নর। তিনি বলেন, ‘আমরা অর্থায়নের খরচ কমানোর চেষ্টা করছি। ইতিমধ্যে নীতি সুদহার ৫০ বেসিস পয়েন্ট (শূন্য দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট) কমানো হয়েছে। মূল্যস্ফীতি যেহেতু কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, ভবিষ্যতে এটি আরও কমানোর চিন্তা আমরা করতেই পারি।’

গভর্নর জানান, বৈদেশিক মুদ্রার বাজারে কারসাজির সুযোগ বন্ধ করতে স্বয়ংক্রিয় নিলামব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামী এক মাসের মধ্যে এ ব্যবস্থা চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।

তিনি বলেন, ‘আমরা মুক্তবাজার ব্যবস্থায় বিশ্বাস করি। এজন্য এমন একটি সফটওয়্যার তৈরি করছি, যাতে পুরো লেনদেনপ্রক্রিয়া স্বয়ংক্রিয় হয়। এখানে কেউ দেখতে পাবেন না বিক্রেতা কে, ক্রেতা কে। ফলে কারসাজির সুযোগ থাকবে না। আশা করছি, এক মাসের মধ্যে এই নিলামপ্রক্রিয়া চালু করতে পারব। এতে বৈদেশিক মুদ্রার প্রকৃত বাজারদর পাওয়া যাবে বলে আমরা আশা করি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, ফুটওয়্যার, লেদারগুডস অ্যান্ড অ্যাকসেসরিজ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ নাসিম মঞ্জুর এবং অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হারুণ ও রশীদ।

এর আগে দ্য উইকলি কাউন্টারপয়েন্ট আয়োজিত এক অনুষ্ঠানে দেশের অর্থনীতির বর্তমান অবস্থা, সরকার দায়িত্ব নেওয়ার সময়কার অর্থনৈতিক পরিস্থিতি এবং তা পুনরুদ্ধারে নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন তিনি। সরকারি ব্যয় ও উন্নয়ন প্রকল্পের অর্থায়নে ব্যাংকঋণের ওপর নির্ভরতা কমাতে চার ধরনের বন্ড ছাড়ার পরিকল্পনা করছে সরকার। ডলার, পান্ডা, সামুরাই ও সুকুক—এই চার ধরনের বন্ডের মাধ্যমে আন্তর্জাতিক ও দেশীয় পুঁজিবাজার থেকে বিকল্প অর্থায়ন সংগ্রহ করে নতুন পাবলিক ফাইন্যান্সিং আর্কিটেকচার গড়ে তুলতে চায় সরকার।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকারের ব্যাংকঋণনির্ভরতা কমিয়ে বিকল্প উৎস থেকে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি শেয়ারবাজারের জন্য একটি প্রাইভেট ইকুইটি ফান্ড গঠনের পরিকল্পনাও রয়েছে।

মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনীতি উচ্চ ঋণের বোঝা, মূল্যস্ফীতি এবং ব্যাংক খাতের সংকটের মধ্যে ছিল। বিগত পাঁচ বছরে সরকারের ঋণের পরিমাণ আগের ২০ বছরের মোট ঋণকেও ছাড়িয়ে গিয়েছিল। ফলে বাজেটে ঋণের সুদ পরিশোধেই ১ লাখ কোটি টাকার বেশি বরাদ্দ রাখতে হচ্ছিল।

বিকল্প অর্থায়নের পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে ডলার বন্ড, চীনের বাজারে পান্ডা বন্ড, জাপানের বাজারে সামুরাই বন্ড এবং শরিয়াহভিত্তিক অর্থায়নের জন্য সুকুক ইস্যু করে অর্থ সংগ্রহের উদ্যোগ নেওয়া হচ্ছে। এসব উৎস থেকে সংগৃহীত অর্থ সরকারি ব্যয় ও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এদিকে দায়িত্ব নেওয়ার সময় উচ্চ মূল্যস্ফীতিকে অর্থনীতির অন্যতম বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে খাদ্য মূল্যস্ফীতি সর্বোচ্চ ১৪.১০ শতাংশে পৌঁছেছিল। বর্তমানে তা কমে ৬.৪২ শতাংশে রয়েছে।

তিনি বলেন, বর্তমান মূল্যস্ফীতির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল, গ্যাস ও সারের দাম বৃদ্ধির কারণে আমদানিজনিত মূল্যস্ফীতির চাপও তৈরি হয়েছিল। মূল্যস্ফীতি প্রকৃত মজুরি বৃদ্ধির চেয়ে বেশি হওয়ায় শ্রমজীবী মানুষকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্যপণ্য আমদানির ওপর শুল্ক ও বিভিন্ন ফি কমানো হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতেও শুল্ক ছাড় দেওয়া হয়েছে। এসব পদক্ষেপের ফলে খাদ্য মূল্যস্ফীতি ১৪.১০ শতাংশ থেকে কমে ৬.৪০ শতাংশে এবং সার্বিক মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে নেমে এসেছে বলে দাবি করেন মন্ত্রী।

সরকারের ঋণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে পৃথক ঋণ ব্যবস্থাপনা বিভাগ বা ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট গঠন করা হয়েছে বলেও জানান তিনি। এর মাধ্যমে সরকারের ঋণের পরিমাণ, উৎস ও পরিশোধের তথ্য আরও স্বচ্ছভাবে প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।

উন্নয়ন প্রকল্পের ব্যয় ও কার্যকারিতা নিশ্চিত করতে নতুন প্রকল্প অনুমোদনে চারটি শর্ত নির্ধারণ করেছে সরকার। এগুলো হলো—ব্যয়ের বিপরীতে যথাযথ সুফল বা ভ্যালু ফর মানি নিশ্চিত করা, বিনিয়োগের বিপরীতে রিটার্ন, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশগত নিরাপত্তা।

এসব শর্ত পূরণ না হওয়ায় পুরোনো ও অকার্যকর অনেক প্রকল্প বাতিল করা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ৫০ লাখ অতিদরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসে ২,৫০০ টাকা করে নগদ সহায়তা দেওয়া হচ্ছে। ভবিষ্যতে এ কর্মসূচি দুই কোটি পরিবারে সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

এ ছাড়া শ্রমিকদের জন্য চাল বিতরণ, কৃষকদের বীজ ও সার কেনার সুবিধার্থে বিশেষ কার্ড এবং সার্বজনীন স্বাস্থ্যসেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ছয়টি নতুন হাসপাতাল নির্মাণের সিদ্ধান্তের কথাও জানান তিনি।

বৈদেশিক ঋণ পরিশোধের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, বৈদেশিক ঋণের কিস্তি সময়মতো পরিশোধ করা হচ্ছে। এ ক্ষেত্রে কোনো ধরনের ওবারডিউ নেই।

দেশের ডিজিটাল অবকাঠামো উন্নয়নেও সরকারের বিনিয়োগের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি। এ ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের দক্ষ প্রকৌশলীদের কাজে লাগানোর ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category