সরকারের অদক্ষতা ও ব্যর্থতা আড়াল করতেই বিরোধী দলের ওপর দায় চাপানো হচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান কারামুক্ত হওয়ার পর তাকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে এ মন্তব্য করেন জামায়াত আমির।
শফিকুর রহমান বলেন, বিরোধী দলের চরিত্র হননের চেষ্টা বাদ দিয়ে সরকারের উচিত নিজেদের ব্যর্থতা ও অদক্ষতা কাটিয়ে ওঠার দিকে মনোযোগ দেওয়া। নিজেদের পাহাড়সম অদক্ষতা আড়াল করতেই তারা বিরোধী দলের ওপর দায় চাপাচ্ছে।
তিনি আরও বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নেওয়ার মাধ্যমে সরকার লজ্জাজনক ইতিহাস তৈরি করেছে। জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিরোধী দলের আন্দোলন অব্যাহত থাকবে। কোনো বাধাই তাদের এই সংগ্রাম থেকে সরিয়ে দিতে পারবে না। এ সময় আখতারুজ্জামান বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিমানবন্দরে প্রবাসীদের পক্ষে কথা বলার কারণেই সরকার তাকে গ্রেপ্তার করেছিল।