জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, সারাদেশেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে-পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতা-কর্মীরা। ফ্যাসিস্টদের যা কিছু ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ আছে তা বর্তমানে বিএনপির নেতা-কর্মীদের দখলে রয়েছে। ডিসেম্বরে কিছুই হবে না উল্লেখ করে তিনি বলেন, যদি কিছু হয় তা হবে সরকারের সাথে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সমঝোতার কারণেই। এমন কিছু হলে এনসিপি রাজপথে থেকে তা প্রতিহত করবে ইনশাআল্লাহ। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক কর্মকান্ড ও স্থানীয় নির্বাচন নিয়ে এক মতবিনিময় সভার পূর্বে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন
সময় মতো পরিকল্পনা নিতে ব্যর্থ হওয়ায় আজ গার্মেন্টস শিল্পে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, যদি এই আন্দোলনে ফ্যাসিস্টরা ঢুকে নৈরাজ্য সৃষ্টি করে এই দায় সরকারকেই নিতে হবে। সরকারের গোয়েন্দা সংস্থা পুরোটাই ব্যর্থ হয়েছে।
তিনি বলেন, বিরোধীদল দমনে সরকার যথেষ্ট আপডেট হলেও ফ্যাসিস্ট দমনে নমনীয়। যারা দেশের শত্রু, জাতীর শত্রু, যারা ভারতে পালিয়ে রয়েছে। সরকার তাদের যাবতীয় গোয়েন্দা শক্তি ব্যবহার করছে বিরোধী দল কোথায় যাচ্ছে, কি করছে, কি বলছে- এসবের পেছনে।
গার্মেন্টস সেক্টরের আন্দোলনে আওয়ামীলীগ ঢুকে গেছে এমন দাবি করে নাহিদ ইসলাম বলেন, গার্মেন্টস শিল্পে এই আন্দোলন তথা চলমান অবস্থার দায়ভার বিএনপিকেই নিতে হবে। গত ৮ মাসে বিএনপি যে সরকার পরিচালনায় ব্যর্থ হয়েছে, আইন শৃংখলা পরিস্থিতি এটাই প্রমাণ করে।
তিনি আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি যতগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, নির্বাচনী ইস্তেহার দিয়েছিল, সবগুলো ভঙ্গ করেছে। বর্তমান বিএনপি আওয়ামীলীগের সময়ে শ্রমিক আন্দোলনে উৎসাহ যুগিয়েছিল। তারাই এখন শ্রমিকদের বেতন কাঠামোর কথা বলে শ্রমিক ভাইবোনদের সাথে প্রতারণা করছে। শ্রমিক ভাই বোনেরাও তাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। শ্রমিক ভাইবোনদের প্রতি আমাদের আহ্বান, দেশের পোষাক শিল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে আছি এবং এর শান্তিপূর্ণ সমাধান চাই। শ্রমিক ভাইবোনদের কল্যাণে সরকারের সমযোপযোগী সিদ্ধান্ত প্রত্যাশা রাখি।
মতবিনিময় সভায় এসসিপির যুগ্ম আহবায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, মাহিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।