• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
যেখানে যাই কাস্টমস-এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম ফের পাঁচ দিনের রিমান্ডে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে আ. লীগের সন্ত্রাস প্রতিহত করবে সরকার: হুইপ দুলু নিরাপত্তা জোরদারে ৩৮ রেলওয়ে স্টেশন ও থানায় ১৪ প্লাটুন আনসার মোতায়েন জ্বালানি খাতে রদবদল, তিন কোম্পানিতে নতুন এমডি মুহাম্মদ আলী জিন্নাহর সমাধিতে স্পিকারের শ্রদ্ধা ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি টেকসই পর্যটন বিকাশে নির্মল বায়ু ও পরিবেশ অপরিহার্য : পর্যটনমন্ত্রী সমন্বিত উদ্যোগে ভবদহ সমস্যার স্থায়ী সমাধান করা হবে : পানিসম্পদ মন্ত্রী প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থানের বিশাল সম্ভাবনা রয়েছে : ভূমিমন্ত্রী

সোমবার জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে তৃতীয় টার্মিনাল পরিচালনা চুক্তি স্বাক্ষর

তানজিম আনোয়ারঃ বাসস / ০ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) তৃতীয় টার্মিনাল পরিচালনার জন্য জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে বহুল প্রতীক্ষিত কনসেশন চুক্তি আগামী ৩০ নভেম্বর স্বাক্ষরিত হবে। এর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর টার্মিনালটির আংশিক উদ্বোধনের পথ উন্মুক্ত হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের দায়িত্ব গ্রহণের পর তৃতীয় টার্মিনাল চালু করাকে অগ্রাধিকার হিসেবে গ্রহণ করে এবং পরবর্তী সময়ে বিজয় দিবসে এটি উদ্বোধনের একটি রূপরেখা ঘোষণা করে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের উপস্থিতিতে ৩০ নভেম্বর সন্ধ্যা ৭টায় ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে চুক্তিটি স্বাক্ষরিত হবে বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অপারেশনস ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান আজ বিকেলে এখানে বাসসকে জানান।

তিনি বলেন, দীর্ঘ প্রতীক্ষিত এই টার্মিনাল চালু করার সরকারের প্রচেষ্টায় চুক্তিটি একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হবে। ২০২৩ সালের অক্টোবর মাসে এর আনুষ্ঠানিক পরীক্ষামূলক উদ্বোধন হলেও বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার জন্য এটি এতদিন ব্যবহার করা হয়নি।

খান বলেন, ‘১৬ ডিসেম্বর টার্মিনালটি উদ্বোধন করা হবে। এদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট দুবাই অথবা কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করবে।’ তিনি জানান, উদ্বোধনের আগে গন্তব্য চূড়ান্ত করা হবে।

বেবিচকের এই সদস্য বলেন, ১৭ ডিসেম্বর থেকে টার্মিনালটিতে সীমিত পরিসরে নিয়মিত কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে প্রতিদিন দুটি আগমনী ও দুটি বহির্গামী আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে।

তিনি বলেন, প্রথম তিন মাস নতুন টার্মিনাল দিয়ে একচেটিয়াভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করবে। এর মাধ্যমে কর্তৃপক্ষ পরিচালন প্রস্তুতি মূল্যায়ন এবং যাত্রীসেবা ধীরে ধীরে স্থিতিশীল করার সুযোগ পাবে।

পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে এবং বিদেশি এয়ারলাইন্সগুলোও ধীরে ধীরে তাদের কার্যক্রম নতুন টার্মিনালে স্থানান্তর করবে।

খান বলেন, কনসেশন চুক্তির পূর্ণ বাস্তবায়ন প্রায় আট মাস ধরে পর্যায়ক্রমে সম্পন্ন হবে এবং জাপানি কনসোর্টিয়ামও ধাপে ধাপে দায়িত্ব গ্রহণ করবে।

প্রাথমিক পর্যায়ে ফ্লাইট পরিচালনা নির্বিঘ্ন করতে বেবিচক পরিচ্ছন্নতা কার্যক্রম ও যাত্রীদের বোর্ডিং ব্রিজ ব্যবহারের ব্যবস্থাপনাসহ প্রয়োজনীয় পরিচালন সহায়তা দেবে।

টার্মিনালটি পূর্ণাঙ্গ কার্যক্রমের দিকে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জাপানি পরিচালনাকারী প্রতিষ্ঠান সংশ্লিষ্ট দায়িত্বগুলো পর্যায়ক্রমে গ্রহণ করবে বলে তিনি জানান।

বেবিকের এই সদস্য আরও বলেন, প্রতিযোগিতা সৃষ্টি ও বিমানবন্দর সেবার মান উন্নত করতে জাপানি কনসোর্টিয়াম ডিসেম্বরের পর ছয় মাসের মধ্যে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদানকারী নিয়োগ করবে।

এ উদ্যোগের ফলে দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দেওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি আরও একটি প্রতিষ্ঠান এ সেবা প্রদানের সুযোগ পাবে।

নতুন টার্মিনালে লাগেজ সরবরাহ, উড়োজাহাজের দ্রুত ওঠানামা ও যাত্রীসেবার মান উন্নয়নে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠান নিয়োগকে সরকারের পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এদিকে, বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) কাওসার মাহমুদ জানান, আগামীকাল কর্তৃপক্ষের সদর দপ্তরের অডিটোরিয়ামে একটি সংবাদ সম্মেলন আয়োজন করা হবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের কনসেশন চুক্তি এবং তৃতীয় টার্মিনালের কার্যক্রম চালুর প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন।

জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনার পর গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় চুক্তিটি অনুমোদন করা হয়।

এর আগে বিমানবন্দরের বিদ্যমান টার্মিনালগুলো দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধ এবং ১৫ বছর ধরে ১০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্রতিযোগী বিমানবন্দর গড়ে তোলার ওপর নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্ত নিয়ে আলোচনা ও দরকষাকষিতে জটিলতা সৃষ্টি হয়েছিল।

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত তৃতীয় টার্মিনালটি বাংলাদেশের বৃহত্তম বিমান চলাচল অবকাঠামো প্রকল্পগুলোর অন্যতম।

২০১৯ সালের ৩০ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয় এবং ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। তবে পরিচালনা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘ আলোচনার কারণে বাণিজ্যিক কার্যক্রম চালু করা সম্ভব হয়নি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী পরিবহন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর লক্ষ্যে নির্মিত নতুন টার্মিনালটি বছরে ২ কোটি যাত্রী পরিবহনে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে বিদ্যমান টার্মিনাল দুটির সম্মিলিত যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় ৮০ লাখ।

নতুন টার্মিনালটিতে আধুনিক যাত্রীসেবা ব্যবস্থার মধ্যে রয়েছে ১০০টি চেক-ইন কাউন্টার, ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক, ১৬টি সাধারণ লাগেজ বেল্ট, অতিরিক্ত বড় আকারের লাগেজ ব্যবস্থাপনার সুবিধা এবং যাত্রীদের ওঠানামার জন্য বোর্ডিং ব্রিজ।

এ ছাড়া এতে স্বয়ংক্রিয় লাগেজ ব্যবস্থাপনা ব্যবস্থা, চলন্ত পথ, পরিবারবান্ধব সুবিধা ও নির্দিষ্ট স্বাস্থ্যসেবা এলাকা রয়েছে।

৩০ নভেম্বর চুক্তি স্বাক্ষর এবং ১৬ ডিসেম্বর উদ্বোধনের মধ্য দিয়ে প্রকল্পটির কার্যক্রম নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা অবসান হবে বলে আশা করা হচ্ছে।
– তানজিম আনোয়ারঃ বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category