রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা আক্তার ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী রবিবার (৭ জুন) ঘোষণা করা হবে। আজ বৃহস্পতিবার (৪ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত রায়ের জন্য এই দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী দুই আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এর আগে গত ১ জুন (সোমবার) আদালত মামলার আসামি সোহেল ও তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। এর পরদিন চার্জশিটভুক্ত ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য নিয়ে সাক্ষ্য গ্রহণ শেষ করা হয়। গতকাল বুধবার (৩ জুন) আত্মপক্ষ সমর্থন শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন।
গত ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্লবী থানার উপ-পরিদর্শক অহিদুজ্জামান অভিযোগপত্র জমা দেন। একই দিনে ট্রাইব্যুনাল দুই আসামির বিরুদ্ধে দাখিল করা অভিযোগপত্রটি আমলে নেয় এবং পরবর্তীতে মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়। এই মামলায় রাষ্ট্রপক্ষে মোট ১৭ জনকে সাক্ষী করা হয়েছে।