সন্দেহভাজন চীনা গুপ্তচরের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং প্রতিষ্ঠানের আরেক শীর্ষ কর্মকর্তার সঙ্গে সম্পর্কের খবর ঘিরে বিতর্কের মধ্যে পদত্যাগ করেছেন এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। বিশ্বের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপের বাজারে প্রভাবশালী মার্কিন প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্য—তিন পদ থেকেই সরে দাঁড়িয়েছেন তিনি। তার পদত্যাগ অবিলম্বে কার্যকর হয়েছে।
এনভিডিয়া গতকাল জানিয়েছে, প্রতিষ্ঠানের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস অন্তর্বর্তী প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন। স্থায়ী উত্তরসূরি নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমান দায়িত্বের পাশাপাশি নতুন দায়িত্ব সামলাবেন তিনি। একই সঙ্গে দীর্ঘদিনের পরিচালক হার্ভে সি জোনসকে পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে। স্থায়ী প্রধান নির্বাহী খুঁজতে প্রতিষ্ঠানের ভেতর ও বাইরের প্রার্থীদের বিবেচনা করবে পর্ষদ।
হুয়াংয়ের বিদায়ের ঘোষণার পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে লেনদেনের শুরুতেই এনভিডিয়ার শেয়ারদর ১৩ শতাংশ কমে যায়। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য ৪ ট্রিলিয়ন ডলারের নিচে নেমে আসে, যা ২০২৫ সালের জুলাইয়ের পর প্রথম। নেতৃত্বের আকস্মিক পরিবর্তনে শুধু এনভিডিয়া নয়, প্রতিষ্ঠানটির বিনিয়োগ ও প্রযুক্তির ওপর নির্ভরশীল বৃহত্তর এআই খাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ৬৩ বছর বয়সী হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে বুধবার বৈঠকে বসে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। এর আগে চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশিত হলে চাপ বাড়তে থাকে। মার্কিন কর্তৃপক্ষের সন্দেহ, ওই নারী বেইজিংয়ের হয়ে গোয়েন্দা তৎপরতায় জড়িত ছিলেন। তবে চীন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
এর আগে বিতর্কের মধ্যে গত ৮ নভেম্বর কর্মীদের পাঠানো এক বার্তায় স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করেন হুয়াং। নিজের আচরণে স্ত্রী ও সন্তানদের কষ্ট দেয়ার দায় নিয়ে ক্ষমা চান তিনি। একই বার্তায় জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগ খতিয়ে দেখতে পরিচালনা পর্ষদের স্বাধীন তদন্তে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দেন। নিজের সিদ্ধান্তের জন্য পরিবারকে দায়ী না করার এবং তাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার অনুরোধও জানান তিনি।
এনভিডিয়ার পরিচালনা সহায়তায় স্বতন্ত্র পরিচালকদের একটি কমিটিকে তদন্তের তদারকির দায়িত্ব দেয়া হয়। পর্ষদ তখন জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্বাস করার মতো কারণ তাদের কাছে নেই। তবে তদন্তে প্রাপ্ত সব তথ্য পরীক্ষা করা হবে। সে সময় হুয়াং ও তার নেতৃত্বাধীন দলের প্রতি আস্থাও জানিয়েছিল পর্ষদ।
এরপর আরেকটি সম্পর্কের খবর পরিস্থিতিকে আরো জটিল করে তোলে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়, এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বার্লি পাওয়েলের সঙ্গেও হুয়াংয়ের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। প্রতিষ্ঠানটিতে কাজ করেছেন এমন পাঁচ ব্যক্তির বরাত দেয় সংবাদমাধ্যমটি। তবে রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এ প্রতিবেদন স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এনভিডিয়া ও পাওয়েলও তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধে সাড়া দেননি।
এদিকে সন্দেহভাজন গুপ্তচর অ্যালিস হুয়াংকে ঘিরে সিঙ্গাপুর থেকেও নতুন তথ্য এসেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিনি ফেব্রুয়ারিতে সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার পর তার পুনঃপ্রবেশ নিষিদ্ধ করা হয়। সিঙ্গাপুর হয়ে মালয়েশিয়ায় সার্ভার রফতানিসংক্রান্ত সম্ভাব্য অপরাধের তদন্তে মেগাস্পিডের তৎকালীন শীর্ষ কর্মকর্তা ও অন্যতম নিয়ন্ত্রক হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে মন্ত্রণালয় স্পষ্ট করেছে, এ তদন্ত গুপ্তচরবৃত্তিসংক্রান্ত ছিল না।
সিঙ্গাপুরের কর্তৃপক্ষ জানিয়েছে, অ্যালিস কোনো অপরাধ করেছেন, তা প্রতিষ্ঠার জন্য পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্তের সময় তিনি জেনেশুনে ভুল তথ্য দিয়েছিলেন এবং মেগাস্পিডে নিজের ভূমিকা খাটো করে তুলে ধরেছিলেন বলে তাদের ভাষ্য। এ কারণে তাকে কঠোর সতর্কবার্তা দেয়া হয় এবং পুনঃপ্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। মেগাস্পিড ও ছয় ব্যক্তির বিষয়ে তদন্ত চলছে।
অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং যুক্তরাষ্ট্রকে গুপ্তচরবৃত্তির বয়ান তৈরি বন্ধের আহ্বান জানিয়েছেন। বেইজিংয়ের অভিযোগ, প্রযুক্তিগত অবরোধ আরোপের অজুহাত হিসেবে এসব অভিযোগ ব্যবহার করা হচ্ছে। চীনের প্রযুক্তিগত অগ্রগতি নিজস্ব উদ্ভাবন ও উন্মুক্ত সহযোগিতার ওপর নির্ভরশীল বলেও মন্তব্য করেন তিনি।
01
এনভিডিয়ার নতুন অন্তর্বর্তী প্রধান নির্বাহী কোলেট ক্রেস ২০১৩ সালের সেপ্টেম্বরে এনভিডিয়ায় যোগ দেন। প্রতিষ্ঠানটির দ্রুত সম্প্রসারণ ও আর্থিক কৌশল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। এর আগে মাইক্রোসফট ও সিসকোসহ বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানে কাজ করেছেন। চেয়ারম্যান হার্ভে জোনস জানিয়েছেন, ক্রেসের ব্যবসা, গ্রাহক, পরিচালন কার্যক্রম ও আর্থিক অবস্থান সম্পর্কে গভীর ধারণা রয়েছে। নেতৃত্ব পরিবর্তনের মধ্যেও কার্যক্রম, গ্রাহকদের দেয়া প্রতিশ্রুতি ও পণ্য উন্নয়ন পরিকল্পনা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা পর্ষদের।
তবে বিশ্লেষকদের উদ্বেগ, এনভিডিয়ায় হুয়াংয়ের ভূমিকা প্রধান নির্বাহীর আনুষ্ঠানিক দায়িত্বের চেয়ে অনেক বিস্তৃত ছিল। চিপ উৎপাদক, সরবরাহকারী, ক্লাউড সেবাদাতা ও বড় এআই গবেষণাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে তিনি বিস্তৃত ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিলেন। প্রতিষ্ঠানের ক্রমবর্ধমান অর্থভাণ্ডার ব্যবহার করে এআই অবকাঠামোয় বিনিয়োগের ক্ষেত্রেও কেন্দ্রীয় ভূমিকা ছিল তার।
এ কারণে তার অনুপস্থিতিতে নতুন বিনিয়োগ, সরবরাহ সক্ষমতা নিশ্চিত করা এবং বড় অবকাঠামো চুক্তি বাস্তবায়নের গতি নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত এনভিডিয়ার অর্থায়ন পাওয়া ডেটা সেন্টার ও ক্লাউড ব্যবসাগুলো নেতৃত্ব পরিবর্তনের প্রভাবের মুখে পড়তে পারে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারদরেও বড় পতন দেখা যায়।
চীনে উন্নত চিপ রফতানি নিয়ে ওয়াশিংটনের নীতিতেও এ বিতর্কের প্রভাব পড়তে পারে। চীনা বাজারে প্রবেশাধিকার ধরে রাখার পক্ষে সক্রিয় ছিলেন হুয়াং। এখন মার্কিন আইনপ্রণেতাদের একাংশ রফতানি নিয়ন্ত্রণ আরো কঠোর করার দাবি তুলেছেন। ফলে নতুন নেতৃত্বকে ব্যবসার ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তদন্ত ও বাড়তি রাজনৈতিক চাপও সামলাতে হবে।