ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ডে ১০টি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইলিয়াস ফকির নামে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক যাত্রী। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস ফকির রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে তাকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
এছাড়া ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়ি বহরের দুইটি গাড়ি রয়েছে। তবে তিনি অক্ষত রয়েছেন।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ওই মহাসড়কের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় প্রথমে একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস। রে একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইঞ্জিনচালিত ইজিবাইকের একটির সঙ্গে আরেকটির সংঘর্ষ হয়। এ সময় দুর্ঘটনার কবলে পড়ে চারটি যাত্রীবাহী বাস, দুটি প্রাইভেটকার, দুটি ট্রাক ও দুটি ইঞ্জিনচালিত ইজিবাইক। এ ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
মুকসুদপুর থানার অফিসার ইন চার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, মারাত্মক আহত ২০ থেকে ২৫ জনকে উদ্ধার করে ফরিদপুর ও ভাঙ্গা হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কিছুক্ষণ পরই সড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
এদিকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো বিএনপি নেতা ইলিয়াস ফকিরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।