• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Headline
রিজার্ভ চুরির মামলায় ১০ বছরেও শেষ হয়নি তদন্ত, প্রতিবেদন জমার সময় ১০০ বার পেছাল বেসরকারি আবাসনে প্লট পেতে ঢাকায় একজন ক্রেতাকে অতিরিক্ত সাড়ে ১৪ লাখ টাকা ব্যয় করতে হয় বেতার, বিটিভি ও বাসসসহ ১৫ প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হচ্ছে কমিটি আ.লীগের ফ্যাসিবাদী চরিত্রের কোনো পরিবর্তন হয়নি: বিরোধীদলীয় নেতা বন্দী প্রত্যর্পণ চুক্তির বাইরে হাসিনার দেশে ফেরার পথ নেই: শিশির মনির ইউপি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ নিয়ে নেবো: পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং সাজেক সড়কে অবরোধ প্রত্যাহারের দাবিতে হেডম্যান-কার্বারীদের সমাবেশ পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার; সর্বোচ্চ ২১ হাজার ৫০০ টাকা কলা খেতে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত কৃষকলীগ কর্মী

অন্যের পরিচয়ে বিজিবিতে ৩৮ বছর চাকরি; আকবর আলীর ১৩ বছরের কারাদণ্ড

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

অন্যের নাম ও পরিচয় ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে তৎকালীন বিডিআর, বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) প্রায় ৩৮ বছর চাকরি করার দায়ে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চাকরিকালে উত্তোলন করা বেতন-ভাতা সুদসহ হিসাব করে সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। এ জন্য আসামির স্থাবর ও অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশও দিয়েছেন আদালত।

বুধবার, ২৫ নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ রায় দেন। রায়ের আগে পর্যবেক্ষণে বিচারক বলেন, ‘এটি জাল-জালিয়াতির উৎকৃষ্ট মামলা। কীভাবে সবকিছু জাল-জালিয়াতি করে দীর্ঘ ৩৮ বছর চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা তুলে নিয়েছেন।’

দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন সাজা ও অর্থদণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছদ্মবেশ ধারণ করে বা অন্যের পরিচয়ে প্রতারণার দায়ে আকবর আলীকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া গুরুত্বপূর্ণ দলিল জাল করার অপরাধে পাঁচ বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে দেড় বছরের কারাদণ্ড; প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতির দায়ে চার বছরের কারাদণ্ড ও দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড এবং জাল দলিলকে আসল হিসেবে ব্যবহারের অপরাধে এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

কৌঁসুলি জানান, আসামির সাজাগুলো ধারাবাহিকভাবে কার্যকর হবে। ফলে তাকে মোট ১৩ বছর কারাভোগ করতে হবে। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তিনি পলাতক। তার বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু।

মামলার বিবরণ অনুযায়ী, ১৯৮৩ সালে সিরাজগঞ্জ সদরে বিডিআরের সিপাহী পদে নিয়োগের জন্য লাইনে দাঁড়ান আকবর আলী ও জাহাঙ্গীর আলম। তাদের মধ্যে জাহাঙ্গীর আলম নিয়োগের জন্য নির্বাচিত হন। তিনি রাজাপুর হাইস্কুল থেকে অষ্টম শ্রেণি পাশের সনদ ও ইউনিয়ন পরিষদের নাগরিকত্ব সনদ জমা দিয়েছিলেন। তবে পারিবারিক কারণে তিনি চাকরিতে যোগ দেননি। অন্যদিকে আকবর আলী ওই পদে চাকরির জন্য অযোগ্য বিবেচিত হন।

অভিযোগ অনুযায়ী, জাহাঙ্গীর আলমের অগোচরে তার নাম, পরিচয় ও শিক্ষাগত যোগ্যতার সনদ ব্যবহার করে ১৯৮৩ সালের ১ মার্চ বিডিআরে সিপাহী পদে যোগ দেন আকবর আলী। এরপর দীর্ঘদিন জাহাঙ্গীর আলমের পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন।

দুদকের অনুসন্ধানে বিজিবি সদর দপ্তরে সংরক্ষিত চাকরির নথি, পুলিশি তদন্ত ফরম ও শিক্ষাগত যোগ্যতার সনদ পর্যালোচনা করে পরিচয় জালিয়াতির তথ্য পাওয়া যায়। নথি অনুযায়ী, চাকরিতে যোগদানের সময় জাহাঙ্গীর আলমের জন্মতারিখ ছিল ১৯৬৪ সালের ৩১ ডিসেম্বর। পরে চাকরির খতিয়ান বইয়ে তা পরিবর্তন করে ১৯৬৪ সালের ১ মার্চ করা হয়। একইভাবে জাহাঙ্গীর আলমের বাবা মো. মহির উদ্দিনের পরিবর্তে আকবর আলীর বাবা জসিম উদ্দিন মণ্ডলের নাম এবং স্থায়ী ঠিকানাও পরিবর্তন করা হয়।

নিজের পরিচয় আড়াল করতে জাতীয় পরিচয়পত্রেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করেন আকবর আলী। তবে সেখানে বাবার নাম হিসেবে মৃত জসিম উদ্দিন মণ্ডলের নাম উল্লেখ করেন।

অনুসন্ধানে আরও জানা যায়, ১৯৮৪ সালের ১০ জানুয়ারি করা তার বিয়ের কাবিননামাতেও মো. জাহাঙ্গীর আলম নাম ব্যবহার করা হয়। সেখানে বাবার নাম মো. মহির উদ্দিন (জসিম উদ্দিন মণ্ডল) এবং দাদার নাম পলান মণ্ডল লেখা হয়। তবে প্রকৃত জাহাঙ্গীর আলম জানান, তার বাবার নাম মহির উদ্দিন এবং দাদার নাম পর্বত উল্লাহ শেখ।

সিরাজগঞ্জের ১০ নম্বর সয়দাবাদ ইউনিয়ন পরিষদের তৎকালীন চেয়ারম্যানের দেয়া তথ্যেও জালিয়াতির বিষয়টি উঠে আসে। চেয়ারম্যান জানান, কোনাগাতী গ্রামের জাহাঙ্গীর আলম ১৯৮৩ সালে বিডিআরে চাকরির জন্য নির্বাচিত হলেও যোগ দেননি। এমনকি ১৯৭১ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ওই গ্রামে বসবাসও করেননি। প্রকৃত জাহাঙ্গীর আলমও দুদকের কাছে একই তথ্য দেন এবং তার পরিচয় ব্যবহার করে আকবর আলীর চাকরি নেয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এসব তথ্য-প্রমাণ, সাক্ষ্য ও নথিপত্র পর্যালোচনা করে প্রতারণা, জালিয়াতি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে আকবর আলীর বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্র ২০২২ সালের ৭ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, ১৯৮৩ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ২৫ মে অবসর গ্রহণ পর্যন্ত প্রায় ৩৮ বছর অন্যের পরিচয়ে চাকরি করে সরকারি বেতন-ভাতা উত্তোলন করেন আকবর আলী।

তদন্ত শেষে ২০২৪ সালের ২১ এপ্রিল আকবর আলীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন তদন্ত কর্মকর্তা সাধন চন্দ্র সূত্র। গত বছরের ১০ আগস্ট তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়। বিচার চলাকালে ১৫ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। আসামি পলাতক থাকায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি। যুক্তিতর্ক শেষে বুধবার আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category