তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন ১৫টি প্রতিষ্ঠানকে গণমুখী ও শক্তিশালী করা এবং বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূত করার লক্ষ্যে অচিরেই একটি উচ্চপর্যায়ের সংসদীয় সাব-কমিটি গঠন করা হবে। বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির সভাপতি আমানউল্লাহ আমান বৈঠকে সভাপতিত্ব করেন।
বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার বিষয়ে আলোচনা হয়। এ সময় কমিটি অভিমত দেয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না উল্লেখ করে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় সরকারি ও বিরোধী দল ঐকমত্য পোষণ করে। এ বিষয়ে জনমত গঠনে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাসসসহ মন্ত্রণালয়ের সব প্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
বৈঠকে বিগত শাসনামলে মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাসমূহে পদোন্নতিবঞ্চিত এবং চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিষয়টি পর্যালোচনায় পরবর্তী বৈঠকে একটি যাচাই-বাছাই কমিটি গঠন করে পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপনের সিদ্ধান্ত হয়। একই সঙ্গে পদোন্নতিবঞ্চনা ও চাকরিচ্যুতির পেছনে দায়ী নির্দেশদাতা ও অতিউৎসাহী ব্যক্তিদের তালিকা প্রস্তুত ও প্রকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া সীমিত জনবল দিয়ে অধিকতর কাজ সম্পাদন ও সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে বিসিএস তথ্য সাধারণ ক্যাডারকে একীভূত করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়।
বাংলাদেশ বেতারকে আরও জনপ্রিয় ও শ্রোতাবান্ধব করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করে কমিটি। পাশাপাশি স্বাধীনতার ঘোষক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান, নব্বইয়ের গণঅভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ভূমিকা এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ইতিহাস বেতার ও বিটিভিতে যথাযথ গুরুত্বের সঙ্গে তুলে ধরার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আগামী ১৬ থেকে ২৬ ডিসেম্বরের মধ্যে বিটিভি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) এবং বাংলাদেশ বেতার পরিদর্শনের সুপারিশ করা হয়।
বৈঠকে কমিটির সদস্য ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান বাবুল, মো. মজিবুর রহমান, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও নাজমুন নাহার অংশ নেন।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, অধীনস্থ অধিদপ্তরসমূহের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।