• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
Headline
আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলার নির্দেশ আইজিপির সদিচ্ছা থাকলে সকল কাজই নির্দিষ্ট সময়ের মধ্যে করা সম্ভব : খাদ্যমন্ত্রী দেশে এ বছর ২২ শতাংশ এইডস রোগী বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে : আইনমন্ত্রী নির্বাচনে বিচারকরা ঘুষ খেলে, পুলিশ ডাকাতি করলে কী করবেন: ইসি মাছউদ নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ ভারত ইসরায়েলের মতো আচরণ করছে: গোলাম পরওয়ার তামাকমুক্ত তারুণ্য গড়তে উদ্ভাবন, সংস্কৃতি, খেলাধুলা ও সহশিক্ষার তাগিদ মাহদী আমিনের ফ্যাসিস্ট শেখ হাসিনার অনুসারীরাই দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে : রিজভী আওয়ামী লীগের লুটপাট, হত্যা ও গুমের বিচার হবে : তথ্য প্রতিমন্ত্রী

আগামী ৫ বছরে দরিদ্র ও অসহায় মানুষের আইনি সুরক্ষা নিশ্চিত হবে : আইনমন্ত্রী

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে দরিদ্র ও অসহায় মানুষ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না। সবার আইনি সুরক্ষা নিশ্চিত হবে। রোববার সকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্যারালিগ্যাল সেবার প্রাতিষ্ঠানিকীকরণ, জাতীয় প্যারালিগ্যাল যোগ্যতা সনদ কোর্স এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের আইনগত সহায়তা প্রদানে বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মধ্যে এই ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্যারালিগ্যাল সেবার গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, ‘দেশে আইনজীবীদের সহকারীদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই, অথচ মক্কেল ও মামলা ব্যবস্থাপনায় তারা বড় ভূমিকা রাখেন। ব্লাস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইনগত সহায়তা অধিদপ্তরের এই যৌথ উদ্যোগ বিচারপ্রার্থী সাধারণ মানুষের ন্যায়বিচার প্রাপ্তিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি আরও বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে আমরা মানুষের মাঝে এমন একটি ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারব, যেখানে আমাদের দেশের দরিদ্র ও অসহায় মানুষ আইনি সুরক্ষার বাইরে থাকবেন না।’

সারা দেশের আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগের কথা জানিয়ে মো. আসাদুজ্জামান বলেন, ‘দেশে প্রায় ৮০ হাজার আইনজীবী রয়েছেন। বার কাউন্সিলের সনদ পাওয়ার পর তাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা নেই। সিনিয়রদের সঙ্গে কাজ করেই তারা শেখেন। বিষয়টি বিবেচনায় নিয়ে এ বছর প্রথমবারের মতো ৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। মন্ত্রিসভার অনুমোদন সাপেক্ষে খুব শিগগিরই এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হবে।’

অ্যাটর্নি জেনারেল থাকাকালীন ইউএনডিপির সহায়তায় সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেধাবী স্নাতকদের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রাম চালুর কথা উল্লেখ করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, এই ইন্টার্নশিপ কোর্সের নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ ছিল না। ইউএনডিপি এ কর্মসূচির প্রশংসা করেছে।

আইনগত সহায়তা কার্যক্রমের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মধ্যস্থতার (মেডিয়েশন) জন্য আবেদন পড়েছিল ৩৫ হাজার ৫৯৬টি, যা ২০২৬ সালের একই সময়ে বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৩১২টিতে। এ ক্ষেত্রে বৃদ্ধির হার ১৬৭ দশমিক ৭৬ শতাংশ। একই সময়ে মধ্যস্থতার মাধ্যমে নিষ্পত্তির হার ২৯ হাজার ৮৩৭টি থেকে বেড়ে ৭৩ হাজার ৪৫৯টিতে দাঁড়িয়েছে, যা ১৪৬ দশমিক ২০ শতাংশ বেশি। এ ছাড়া মধ্যস্থতা চুক্তির সংখ্যা ৯ হাজার ৯১৫টি থেকে ১০৮ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ২০ হাজার ৬৮৭টিতে উন্নীত হয়েছে।

কিছু জেলায় আইনজীবী সমিতির অসহযোগিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মধ্যস্থতা কার্যক্রমের কারণে মক্কেল হারানোর আশঙ্কায় কোনো কোনো জেলার আইনজীবীরা এর বিরোধিতা করছেন। তবে আলোচনার মাধ্যমে অধিকাংশ বারকে বোঝানো সম্ভব হয়েছে। যেখানে প্রতিবন্ধকতা তৈরি হয়েছিল, স্থানীয় সংসদ সদস্যদের সহায়তায় তা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ব্লাস্টের পক্ষে অবৈতনিক নির্বাহী পরিচালক ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট সারা হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ একরামুল হক এবং বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের পক্ষে মহাপরিচালক মো. মঞ্জুরুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বাংলাদেশের প্রতিনিধি ইভো ফ্রেইজেন এবং জিআইজেড-এর অ্যাকসেস টু জাস্টিস ফর উইমেন প্রজেক্টের সিনিয়র অ্যাডভাইজার সৈয়দ জিয়াউল হাসান।

সমঝোতা স্মারকের আওতায় প্যারালিগ্যাল কর্মীদের প্রশিক্ষণ, দক্ষতা, পেশাগত যোগ্যতা ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ক্ষেত্রে একটি অভিন্ন জাতীয় মানদণ্ড নিশ্চিত করা হবে। পাশাপাশি জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য বিশেষায়িত প্যারালিগ্যাল সনদ কোর্স প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category