বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ডেস্কটপ সংস্করণে হঠাৎ প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। এর ফলে অনেক ব্যবহারকারী ওয়েব ব্রাউজারের মাধ্যমে ফেসবুকে প্রবেশ, লগইন এবং ফিড ব্যবহার করতে সমস্যায় পড়েছেন।
রোববার (১৯ জুলাই) দুপুর থেকে এ সমস্যা শুরু হয়। ডেস্কটপ ভার্সনে প্রবেশের সময় অনেকেই লগইন ব্যর্থ হওয়া, ওয়েবসাইট ধীরগতিতে লোড হওয়া এবং নিউজফিড আপডেট না হওয়ার অভিযোগ জানিয়েছেন।
ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ডাউন ডিটেক্টরসহ বিভিন্ন পর্যবেক্ষণকারী ওয়েবসাইটেও ফেসবুকের সেবায় বিভ্রাটের তথ্য উঠে এসেছে।
ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, রোববার দুপুর দেড়টা থেকে ফেসবুকের বিভিন্ন সেবা ব্যবহারে সমস্যা নিয়ে অভিযোগ দ্রুত বাড়তে শুরু করে। অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক ব্যবহারকারী একই ধরনের সমস্যার কথা জানান।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিভ্রাটের কারণ বা সেবা পুরোপুরি স্বাভাবিক হওয়ার বিষয়ে মেটা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।