সাতক্ষীরার কালিগঞ্জে ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে ফারজানা খাতুন নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় নলতা ইউনিয়নের কাশিবাটি গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ঘটনার পর ক্ষুব্ধ জনতা পুলিশের ওপর হামলা চালিয়ে হত্যায় জড়িত সন্দেহে আটক সুমাইয়া খাতুন (২৫) নামের এক গৃহবধূকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য।
নিহত স্কুলছাত্রী ফারজানা কাশিবাটি গ্রামের ইমামুল ইসলামের মেয়ে এবং কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
অন্যদিকে, গণপিটুনিতে নিহত সুমাইয়া একই গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। তিনি ওই স্কুলের পাশে ঝালমুড়ি বিক্রি করতেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে ফারজানা স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, সে স্কুলেও যায়নি। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানালে তারা অনুসন্ধানে নেমে সুমাইয়ার বাড়িতে অভিযান চালায় এবং ঘরের ওয়ারড্রবের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে জানান তিনি।