• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

নেতানিয়াহু যা-ই করুন, সরকার গঠন করতে পারবেন না: ইয়ার লাপিদ

Reporter Name / ২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন পেলেও সরকার গঠনের সমীকরণ এখনো জটিল। তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কোনোভাবেই সরকার গঠন করতে পারবেন না বলে দাবি করেছেন বিদায়ী বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ।

মঙ্গলবারের নির্বাচনে ১২০ আসনের পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী দলগুলো ৬৭টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। তবে কোনো পক্ষের কাছেই ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার মতো স্পষ্ট সমর্থন নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লাপিদ বলেন, বিরোধীরা নির্বাচনে এমন একটি স্পষ্ট জয় চেয়েছিল, যার পর নিশ্চিন্তে ঘুমাতে যাওয়া যায়। কিন্তু ফলাফল তেমন হয়নি। তারপরও কয়েকটি দিক বিবেচনায় বিরোধী জোট জয়ী হয়েছে।লাপিদের দাবি, নেতানিয়াহুর জোটের পাওয়া ৫৩টি আসনের মধ্যে ইউনাইটেড তোরাহ জুডাইজমের সাতটি এবং শাস পার্টির ছয়টি আসন রয়েছে। দল দুটি নিজেদের জায়নবাদবিরোধী বলে মনে করে। এই ১৩টি আসন বাদ দিলে নেতানিয়াহুর পক্ষে থাকে ৪০টি আসন।

তিনি বলেন, ‘এটাই তার হাতে আছে। তিনি যা-ই করুন না কেন, সরকার গঠনের কোনো পথ তার নেই। ’

লাপিদ আরও বলেন, বিরোধী জোটের জয় নকআউট ব্যবধানে না হলেও পয়েন্টের ব্যবধানে। আর সেই জয়ও গুরুত্বপূর্ণ।

নেতানিয়াহুবিরোধী জোটের নেতৃত্ব দিচ্ছেন ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকোট। লাপিদ জানান, সরকার গঠনের জন্য জোটটি সর্বোচ্চ চেষ্টা চালাবে। তবে কাজটি কঠিন এবং শেষ পর্যন্ত সফল হওয়া যাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এ পরিস্থিতিতে ইসরায়েলিদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। লাপিদের ভাষ্য, সরকার গঠনের আলোচনা নির্বাচনি প্রচারণার মতো প্রকাশ্যে হয় না। এ প্রক্রিয়া ধীরে ধীরে, ছোট পরিসরে এবং ক্যামেরার আড়ালে এগিয়ে চলে।

তিনি বলেন, মানুষ অনিশ্চয়তা পছন্দ করে না, তা তিনি জানেন। তবে কৌশলগতভাবে নীরবে কাজ করার পরিবর্তে শুধু শিরোনাম বা তথ্য ফাঁসের দিকে মনোযোগ দিলে শেষ পর্যন্ত প্রচেষ্টা ব্যর্থ হতে পারে।

লাপিদ আরও বলেন, ‘আপনারা যদি জানতে চান, বর্তমানে যে নীরবতা শুনতে পাচ্ছেন, তার আড়ালে কিছু ঘটছে কি না; তাহলে উত্তর হলো, হ্যাঁ। ’

নেতানিয়াহুবিরোধী জোটের ৬৭টি আসন থাকলেও সরকার গঠনের পথে বাধা রয়েছে। জোটের চারটি ইহুদি-নেতৃত্বাধীন দল ইয়াশার, বি’ইয়াচাদ ও ইসরায়েল বেইতেনু প্রধানত আরবদের নিয়ে গঠিত জয়েন্ট লিস্ট এবং রা’আমের সঙ্গে জোট সরকারে না বসার অবস্থান জানিয়েছে। ফলে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েও বিরোধী জোটের সরকার গঠন অনিশ্চিত হয়ে পড়েছে।

অন্যদিকে, নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে নির্বাচনে এককভাবে সবচেয়ে বড় দল হয়েছে। তবে দলটির নেতৃত্বাধীন জোটও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সমর্থন নিশ্চিত করতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category