দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে চলমান ইন্টারনেসনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিকাল পার্টিজ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনের প্রথম প্ল্যানারি সেশনে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর চার সদস্যের প্রতিনিধিদল।
প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাহমুদুল হোসাইন ওলিউল্লাহ। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি কে এম বিল্লাল হোসাইন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক ইমতিয়াজ আহমেদ সজল ও ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক মুহাম্মদ রাজন শিকদার।
এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে পারস্পরিক যোগাযোগ, রাজনৈতিক অভিজ্ঞতা বিনিময়, আঞ্চলিক সহযোগিতা এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হয়েছে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি আগামী ৭ ও ৮ নভেম্বর সিউলে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিদল কয়েকটি সাংগঠনিক ও দাওয়াতি সভায় অংশ নেবে। এসব কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং দলের আদর্শ, লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য কে এম শরীয়াতুল্লাহ বৃহস্পতিবার এসব তথ্য জানান।