• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
Headline
বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা রেলযাত্রায় আসছে বৈদ্যুতিক ট্রেন, মেগা সেতুসহ মহাসড়কে এক্সপ্রেসওয়ে গ্রিডের ঘোষণা প্রধানমন্ত্রীর শুভেন্দুর ‘ডিপোর্ট’ নীতি মানবাধিকারের লঙ্ঘন: এইচআরডব্লিউ চালের বাজারে কোনো ঊর্ধ্বগতি নেই: বাণিজ্যমন্ত্রী দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের অর্থ পাচার হতে দেওয়া হবে না, সতর্ক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের ভিকটিম ব্লেমিং বন্ধ ও সাইবার সুরক্ষার তাগিদ প্রভার এআই ট্রাফিক মামলার আড়ালে ভয়ঙ্কর সাইবার জালিয়াতি ১৫ কোটি রুপি ও প্রাইভেট জেটে এমপি ‘বিক্রি’ হচ্ছে ভারতে: সঞ্জয় রাউত

বার্ধক্য বুড়ো বয়সে নয়- শুরু হয় আজ: সাতটি সতর্কবার্তা

বাদল সৈয়দ / ২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

বার্ধক্যের কষ্ট কখন শুরু হয়?
৬০-এ?
৭০-এ?
উত্তরটি হচ্ছে-
‘old age lies in today’s actions.’
‘বার্ধক্য লুকিয়ে আছে আজকের কাজকর্মে।’
ব্যাপারটি অনেকটা ব্যাংকে ডিপিএসে নিয়মিত কিস্তি জমা দেওয়ার মতো- আপনি অনেকদিন ধরে টাকা ব্যাংকে জমালেন তারপর একসময় তা সুদাসলে ফেরত পেলেন।
আমাদের বর্তমান বিভিন্ন কর্মকাণ্ডও বার্ধক্য নামের ভবিষ্যৎ ব্যাংকে জমা হয় তারপর বৃদ্ধ বয়সে সুদসহ ফিরে এসে নাভির নিচে ঘুষি মারে।
প্রশ্ন হচ্ছে, কোন ব্যাপারগুলো আমাদের খেয়াল রাখা উচিত? যাতে বার্ধক্য নামের ব্যাংকে কষ্ট জমা না হয়?
১ ) আপনি ভাবছেন বুড়ো হলে ছেলেমেয়েরা আপনাকে দেখবে? তাই নিজের জন্য কিছু জমাচ্ছেন না- সব ওদের পেছনে খরচ করছেন। ভুল করছেন। সবসময় ব্যাটে-বলে মিলে না। মনে রাখবেন বাবামায়ের টাকা সন্তানের টাকা- কিন্তু সন্তানের টাকা বাবা-মায়ের টাকা নয়। আপনার বাড়ি সন্তানের বাড়ি- কিন্তু ওদের বাড়ি আপনার বাড়ি নাও হতে পারে।
তাছাড়া, বড় হয়ে ওরা নিজেদের জীবন নিয়েই ব্যস্ত হয়ে যাবে। চাইলেও হয়তো আপনাকে দেখতে পারবে না। অতএব সন্তান আপনাকে বুড়োকালে দেখবে এ ভাবনা বাদ দিন। মনে রাখবেন, সন্তানের উপর নির্ভর করার চিন্তা থেকেই আপনার বার্ধক্যের কষ্ট শুরু হয়।
২) ভাবছেন- বুড়ো বয়সে জীবনসঙ্গী দেখবে। অসুস্থ হলে ডাক্তারের কাছে নেবে। হাসপাতালে রাত জাগবে। এখন আমি ওর দিকে সব মনোযোগ দেই- পরে ও আমাকে দেখে রাখবে। এটি ভুল ধারণা। আপনি যখন বুড়ো হবেন, তখন তিনিও বুড়ো হবেন । তখন হাঁটতে গেলে আপনার পা কনকন করবে আর তিনি কোমর ব্যথায় বিছানা থেকে উঠতে পারবেন না। তাই ইচ্ছে থাকলেও তিনি আপনার যত্ন নিতে পারবেন না। তার উপর অন্ধ নির্ভরতা মানে আপনি কিস্তিতে বার্ধক্য নামের ব্যাংকে কষ্ট জমাচ্ছেন।
৩) ভাইবোন দেখবে? সে আশা বাদ দিন। যত বড় হবেন তাদের সাথে দূরত্ব বাড়বে। ঝগড়াঝাঁটি যে এর কারণ তা নয়। নিজের সংসারের বাঘের পিঠে তারা নিজেরাই থাকবে দিশেহারা। সময় কোথায় পাবে আপনাকে দেখার। এর জন্য তাদের দোষারোপ করাও ঠিক না। এটাই বাস্তবতা। আপনি নিজেও কি বয়স্ক ভাইবোনকে সব সময় দেখে রাখতে পারেন?
৪) আপনি অবশ্যই অন্যদের জন্য করবেন- কিন্তু আশা করবেন না যে, তারা আপনাকে প্রতিদান দেবে। তাই অন্যের জন্য ততটুকু করুন যতটুকু করলে বুড়ো বয়সে আপনার প্রতিদান চাইতে হবে না। মনে রাখবেন, বার্ধক্য পরিকল্পনাহীন আত্মত্যাগকে পুরস্কৃত করে না- এটি আপনার প্রস্তুতিকে পুরস্কৃত করে। (আবার বলছি, এর মানে এই নয় যে, অন্যের জন্য করবেন না। অবশ্যই করবেন- তবে নিজের ভবিষ্যৎ নিরাপত্তা নষ্ট করে নয়)
৫) আজ যে ব্যাপারগুলো অবহেলা করছেন- বুড়ো হলে সবগুলো প্রতিশোধ নেবে। শরীরের প্রতি অবহেলা? ঘুমকে পাত্তা না দেওয়া? অস্বাস্থ্যকর খাবার খাওয়া? সবগুলো কিস্তি হিসেবে জমছে- বয়স হোক, সুদাসলে ফেরত আসবে।
৬) যে অজুহাতে হাঁটছেন না, টাকা জমাচ্ছেন না, ডাক্তার দেখাচ্ছেন না- সেগুলোও জমা হচ্ছে। তারপর যেদিন অশক্ত হবেন সেদিন পাই- পাই করে হিসাব বুঝিয়ে দেবে।
৭) নিজের দিকে মনোযোগী হওয়া স্বার্থপরতা নয়। বরং অন্যের উপকার করা। কারণ বুড়ো বয়সে কারো বোঝা হলে তাদেরও বিপদে পড়তে হয়। আপনি ছেলেমেয়ে এমন কি জীবনসঙ্গীর বোঝা হয়ে তাদের ঝামেলায় ফেলবেন কেন?
বার্ধক্য ঠেকান।
আজ থেকেই নিজের যত্ন নিন।
প্রতিদান আশা করা বাদ দিন।
নির্ভরশীল থাকার চিন্তা বাদ দিন।
নিজের শক্তিতে চলার সিদ্ধান্ত নিন।
তাহলে বার্ধক্য কষ্ট দেবে না। আর বিপরীত হলে, কষ্টটা আজই শুরু হয়ে গেছে। এখন টের পাচ্ছেন না- সময়ে পাবেন।
প্রিয় একটি উক্তি দিয়ে শেষ করি-
‘Youth is a gift of nature; age is a work of art.’
‘যৌবন হচ্ছে প্রকৃতির উপহার আর বার্ধক্য হচ্ছে একটি শিল্পকর্ম।’
দয়া করে এই সুন্দর শিল্পকর্মটি আজকের বেহিসেবি আচরণ দিয়ে নষ্ট করবেন না।
পাদটীকা: আমি সন্তান, জীবনসঙ্গী এবং ভাইবোনদের অবহেলা করতে বলছি না। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে তাদের পাশে থাকতে হবে। তবে বার্ধক্যের ব্যাপারে তাদের ওপর শতভাগ নির্ভর করা যাবে না।
 
-আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category