• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
Headline
আরাকান আর্মির উত্থানে কতটা ঝুঁকিতে বাংলাদেশ? ভার্টিগো বা ঘূর্ণিরোগ চোরাই ব্যাটারির রমরমা বাজার: সাত বছরে চারশো’র বেশী অটোরিকশা চালক খুন চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী আপনি কি মেয়ের বাবা কিংবা মা? পাঙাশ-তেলাপিয়াও নাগালের বাইরে: নিম্নবিত্তের পাতে আমিষের হাহাকার মধ্যপ্রাচ্যে মার্কিন কৌশল পুনর্বিবেচনা: জবরদস্তি থেকে টেকসই কূটনীতির দিকে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চান খাদ্যমন্ত্রী সৃজনশীল শিল্পকে মূলধারার অর্থনীতি ও সফট পাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: অর্থমন্ত্রী প্রলয়ংকরী যুদ্ধের হুঁশিয়ারি ইরানের, ঝুঁকিতে উপসাগরীয় দেশগুলো

আপনি কি মেয়ের বাবা কিংবা মা?

বাদল সৈয়দ / ১ Time View
Update : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

১) সোশ্যাল মিডিয়ায় দেখলাম, চট্টগ্রামে বউয়ের বাপের বাড়ি থেকে পর্যাপ্ত পিঠা না পাঠানোয় তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে!
শুধু চট্টগ্রাম নয়, সারা দেশেই এ ধরনের ঘটনা ঘটে।
২) আরেকটি অভিজ্ঞতা খুব সাম্প্রতিক। আমার এক বন্ধুর মেয়ের বিয়ে। সে ফোন করেছে। খুব হতাশ। বলল, ‘তুই তো আমার অবস্থা জানিস। কত কষ্ট করে চলি। ছেলেপক্ষ তো তা কিছুতেই বুঝতে চাইছে না। তারা একের পর এক দাবি জানিয়েই যাচ্ছে। সর্বশেষ দাবি করেছে, তাদের পছন্দমতো কনভেনশন হলে অনুষ্ঠান করতে হবে। ওই হলে ভাড়াই দুই লাখ টাকা। এর বাইরে সাজসজ্জা তো আছেই।’
আমি বললাম, ‘তোর এখানে সম্বন্ধ করার দরকার কী?’
বন্ধু উত্তর দিল, ‘এনগেজমেন্ট হয়ে গেছে। এখন পিছালে মেয়ের গায়ে দাগ পড়বে।’
বলতে বলতে তার গলা ধরে এলো। সে বলল, ‘মেয়ের বাপ তো। কিছু করার নাই।’
৩) ‘মেয়ের বাপ তো’—এ অসহায়ত্বই সর্বনাশ করে। মেয়ের বাপ হওয়া কি অপরাধ?
আমার কথা হলো, বিয়ের আগে শ্বশুরবাড়ির উদগ্র লোভ ধরা পড়লে বিনাবাক্যব্যয়ে সে বিয়ে বন্ধ করে দেওয়া উচিত। জাস্ট স্টপ ইট।
আর বিয়ের পর এ লোভ ধরা পড়লে বিনাবাক্যব্যয়ে মেয়েকে নিয়ে আসা উচিত। জাস্ট ব্রিং হার ব্যাক।
আমি ছোট একটি প্রশ্ন করি। তা হলো—আপনি কি কখনো চাইবেন আপনার মেয়ে জেলখানায় অত্যাচার-নিপীড়ন সহ্য করে থাকুক?
যদি তা না চান, তবে শুধু দাগ পড়বে বলে মেয়েকে এরকম শ্বশুরবাড়ি নামের জেলখানায় পাঠাবেন কেন? সেখানে থাকতে দেবেন কেন?
বিয়ে ভাঙার যে দাগ, তার চাইতে অত্যাচারের দাগ কি ভয়ংকর নয়?
বিয়ে হয়েছে বলে ওই নরকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া আরও ভয়ংকর নয়?
তাহলে সমাজের ভয়ে মেয়েকে কবর দেবেন কেন? সমাজ কি আপনার মেয়েকে যখন অত্যাচার করে তখন বাঁচাতে যায়?
মেয়ের বাবা কিংবা মাকে হতে হয় ইস্পাতদৃঢ়। যাতে তার অপমানের তাৎক্ষণিক জবাব দেওয়া যায়। এখানে সবুরে মেওয়া ফলে না, বিষ ফলে।
৪) আমি অনেক বাবাকেই দেখেছি, পাত্রপক্ষের দাবির ব্যাপারে কঠোর হতে। এতে তাঁদের মেয়ের বিয়ে আটকায়নি। বরং তাঁদের সম্মান বেড়েছে।
এক বিয়ের আলোচনায় দেখেছিলাম, পাত্রপক্ষের একজন বলেছিলেন, ‘বরযাত্রী হাজারখানেক না হলে মান থাকে না।’
কনের বাবা জবাব দিয়েছিলেন, ‘আমার বাজেট দুশো জনের। এর বাইরে নিজেরা খরচ দিয়ে সারা শহরের মানুষ দাওয়াত দেন, সমস্যা নাই।’
তাঁর মেয়ের বিয়ে এ কথার জন্য আটকায়নি।
৫) আপনার মেয়ের মূল্য তাই, যা আপনি ঠিক করেন। দয়া করে একের পর এক অসংখ্য সংখ্যা বসিয়ে তার মূল্য নির্ধারণ করুন। তাতেও তার সঠিক মূল্য নির্ধারিত হবে না।
কারণ আপনার রাজকন্যার মূল্য অসীম। সংখ্যার ক্ষমতা নেই তা ধারণ করার।

#আসুন মায়া ছড়াই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category