জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও ‘জুলাই সনদ’ পূর্ণ বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনে ‘গণভোটে হ্যাঁ ফোরাম’ গঠন করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বুধবার (১০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রপক্ষ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ ভোটার জুলাই সনদের পক্ষে রায় দিয়েছে। শহীদের রক্ত ও রাজবন্দিদের অশ্রুতে লেখা এই সনদের পূর্ণ বাস্তবায়নই এখন সময়ের প্রধান দাবি। বর্তমান সরকার মূল লক্ষ্য থেকে কিছুটা সরে যাচ্ছে উল্লেখ করে তিনি জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
‘জুলাই গণঅভ্যুত্থান, সনদ ও গণভোটের রায়; রাজবন্দিদের অভিজ্ঞতা ও জবানবন্দি’ শীর্ষক এই অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আন্দোলন চলাকালীন গোয়েন্দা সংস্থা কর্তৃক নিজেকে ও হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যাওয়ার ভয়াবহ অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, জুলাই কেবল একটি আন্দোলন নয়, এটি নতুন বাংলাদেশের স্বপ্ন ও সংগ্রামের প্রতীক। জোরপূর্বক নেওয়া বক্তব্য প্রচারের মাধ্যমে আন্দোলন দমনের চেষ্টা করা হলেও দেশপ্রেমিক সাংবাদিকদের কারণে তা সফল হয়নি। অনুষ্ঠানে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান অভিযোগ করেন, ক্ষমতার এসে কেউ কেউ পূর্বের স্বৈরাচারের পদাঙ্ক অনুসরণ করছে। তাই রাষ্ট্র সংস্কারে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হবে।
সভায় ছাত্রপক্ষের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ প্রিন্সসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, জুলাইয়ের রাজবন্দিদের স্বীকৃতি এবং আন্দোলনকারী নারীদের বীরত্বের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এখনও কোনো কার্যকর রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হয়নি। বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে এবং শহীদদের রক্তের ঋণ শোধ করতে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ ও আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দিয়ে আলোচনা সভাটি শেষ হয়।