আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সুবিধার্থে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (৭ ফেব্রুয়ারি) কমিশনের জনসংযোগ অধিশাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেনে নিন যে ৪ উপায়ে তথ্য পাবেন ভোটাররা:
১. মোবাইল অ্যাপ: গুগল প্লে স্টোর থেকে ‘Smart Election Management BD’ অ্যাপটি ইনস্টল করতে হবে। এরপর অ্যাপে এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দিলেই ভোটার নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং কেন্দ্রের বিস্তারিত ঠিকানা জানা যাবে।
২. হটলাইন ১০৫: সরাসরি ফোন করেও তথ্য জানা যাবে। এজন্য ১০৫ নম্বরে কল করতে হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে। এই পদ্ধতির জন্য এনআইডি নম্বর ও জন্ম তারিখ হাতের কাছে রাখতে হবে।
৩. এসএমএস সেবা: খুব সহজেই এসএমএসের মাধ্যমেও তথ্য জানা যাবে। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC লিখে স্পেস দিয়ে NID নম্বর লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে আপনার কাঙ্ক্ষিত তথ্য পেয়ে যাবেন।
৪. ওয়েবসাইট: ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইল থেকে নির্বাচন কমিশনের ওয়েবসাইট (ecs.gov.bd)-এ প্রবেশ করতে হবে। সেখানে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করে এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে সার্চ করলেই তথ্য পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই ওয়েবসাইটে গুগল ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।